যশোরে প্রায় ১ কেজি স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

যশোরের তারাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কেজি স্বর্ণসহ ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১) নামের এক এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি
যশোরের তারাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কেজি স্বর্ণসহ ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১) নামের এক এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২২ এপ্রিল ২০২৬) ভোরে যশোর-নড়াইল মহাসড়কে এ অভিযান পরিচালনা করে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে তারাগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ৯০০ গ্রাম গোল্ড পেস্টসহ ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১) নামের এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। তিনি
ভারতের মুম্বাইয়ের অদুরে ভিওয়ান্দি, থানে শহরের বাসিন্দা আমিন আহমদ আনসারী ও সারওয়ারি বানো আনসারীর ছেলে।
আটকের সময় তার কাছ থেকে গোল্ড পেস্ট ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি এবং বাংলাদেশি টাকাসহ বিভিন্ন বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গোল্ড পেস্ট বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দ্বারা পরীক্ষার মাধ্যমে খাঁটি স্বর্ণ হিসেবে নিশ্চিত করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার মোট বাজারমূল্য প্রায় ১ কোটি ৯৩ লাখ ৪২ হাজার ১১ টাকা বলে জানানো হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি ২০২৪ সাল থেকে একাধিকবার ভারত, মধ্যপ্রাচ্য ও মিশর হয়ে বাংলাদেশে যাতায়াত করেছেন। সর্বশেষ তিনি গত ২০ এপ্রিল মুম্বাই থেকে দুবাই হয়ে ঢাকায় আসেন এবং সড়কপথে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে ফেরার পরিকল্পনা ছিল।
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এক প্রেস ব্রিফিংয়ে জানায়, জব্দকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা যশোর কোতয়ালী থানার মাধ্যমে ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও স্বর্ণসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে।
