ঢাকা, বাংলাদেশ || সোমবার, ৪ মে, ২০২৬
সারাদেশ

কুষ্টিয়ায় নৌ পুলিশের ওপর গুলিবর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেফতার

প্রতিনিধি

সীমান্তের খবর ডেস্ক:

৩ মে, ২০২৬
কুষ্টিয়ায় নৌ পুলিশের ওপর গুলিবর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেফতার

কুষ্টিয়ার পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি, চরমপন্থী কালু বাহিনীর সদস্য আব্দুল আলীম ওরফে চিকন আলীম (৪৪)কে গ্রেফতার করেছে র‌্যাব।

কুষ্টিয়ার পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি, চরমপন্থী কালু বাহিনীর সদস্য আব্দুল আলীম ওরফে চিকন আলীম (৪৪)কে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (২ মে) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর মিরপুর-১৪ এলাকায় কাফরুল থানাধীন পুলিশ কোয়ার্টারের সামনে ফুটওভারব্রিজের নিচ থেকে র‌্যাব-১২ ও র‌্যাব-৩ এর একটি যৌথ দল তাকে আটক করে।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল রাতে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ঘাট সংলগ্ন পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালায় লক্ষীকুন্ডা নৌ পুলিশের একটি টিম। এ সময় ৮-৯ জন দুর্বৃত্ত স্পিডবোটে এসে নৌ পুলিশের ওপর শর্টগান দিয়ে গুলি ছোড়ে। এতে টিম ইনচার্জসহ চার পুলিশ সদস্য ও নৌকার মাঝি আহত হন।

এ ঘটনায় লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক খন্দকার শফিকুল ইসলাম বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০সহ দণ্ডবিধির একাধিক ধারা যুক্ত করা হয়।

ঘটনার পর থেকেই আসামিদের গ্রেফতারে তৎপর হয় আইনশৃঙ্খলা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার সঙ্গে সরাসরি জড়িত হিসেবে শনাক্ত চিকন আলীমকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুল আলীম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দয়ারামপুর ঘোষপাড়ার বাসিন্দা বেলায়েত ওরফে বিলাই এর ছেলে।

র‌্যাব জানায়, তিনি দীর্ঘদিন ধরে পলাতক চরমপন্থী নেতা ‘কালু’র পক্ষে কুমারখালী-খোকসা ও পদ্মা নদী এলাকায় প্রভাব বিস্তারে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। গ্রেফতার এড়াতে বারবার অবস্থান পরিবর্তন করলেও শেষ পর্যন্ত র‌্যাবের জালে ধরা পড়েন তিনি।

শেয়ার করুন