বেনাপোলে পুলিশের অভিযানে ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুই নারী গ্রেফতার
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

বেনাপোলে পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকাসহ দুই নারীকে গ্রেফতার করা হয়েছে।
বেনাপোলে পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকাসহ দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। তবে মামলার প্রধান আসামি ফিরোজ অভিযান চলাকালে কৌশলে পালিয়ে যায়।
রবিবার (১৯ জুলাই) বিকেলে বেনাপোল পোর্ট থানার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার দুই নারী হলেন, বেনাপোল পোর্ট থানার নারায়ণপুর কেলেরকান্দা গ্রামের ফিরোজের স্ত্রী সালমা খাতুন (৩৮) এবং একই গ্রামের শহিদ হোসেনের স্ত্রী আমেনা খাতুন (৪৫)।
পুলিশ জানায়, শনিবার (১৮ জুলাই) রাত ৯টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এসআই মোহাম্মাদ মামুন শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে ফিরোজের বাড়িতে অভিযান চালান। অভিযানের সময় বাড়ির শয়নকক্ষ থেকে সালমা খাতুন ও আমেনা খাতুনকে আটক করা হয়। পরে নারী পুলিশের সহায়তায় শালীনতা বজায় রেখে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৭১ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৭৪০ টাকা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় প্রধান আসামি ফিরোজ কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন বলেন, এ ঘটনায় গ্রেফতার দুই নারী ও পলাতক ফিরোজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার দুই আসামিকে রবিবার সকালে যশোর আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
