ফকির আলীনুর হত্যা মামলার আরও এক আসামি গ্রেফতার
প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক:

ফকির আলীনুর হত্যা মামলার আরও এক আসামি গ্রেফতার
নড়াইলের লোহাগড়ায় ব্যবসায়িক বিরোধের জেরে প্রতিবন্ধী ফকির আলীনুর হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি রাজিব শেখকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব-৬। এর আগে একই মামলার ২ নম্বর আসামি রহমান শেখ গ্রেফতার হন। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র্যাব।
মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টা ২০ মিনিটে র্যাব-৬, সিপিসি-৩ যশোর ও র্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার গাংনিয়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে রাজিব শেখকে গ্রেফতার করে।
গ্রেফতার রাজিব শেখ নড়াইলের লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে।
র্যাব জানায়, প্রায় পাঁচ মাস আগে ব্যবসার জন্য ফকির আলীনুরের কাছ থেকে ১৮ হাজার টাকা ধার নেন রাজিব শেখ। নির্ধারিত সময়ে সেই টাকা পরিশোধ না করে তিনি সময়ক্ষেপণ করতে থাকেন। গত ১৮ জুলাই রাত ৯টা ১০ মিনিটের দিকে আলীনুর পাওনা টাকা চাইলে তাকে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যেতে বলা হয়।
পরে আলীনুর তার ভাই ও ভগ্নিপতিকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছালে রাজিব শেখ, রহমান শেখসহ অন্য আসামিরা রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড ও লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় আলীনুর গুরুতর আহত হন। আহত হন তার ভাই ও ভগ্নিপতিও। স্থানীয়রা তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ফকির আলীনুর মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই আমিনুল ফকির বাদী হয়ে লোহাগড়া থানায় রাজিব শেখ, রহমান শেখসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র্যাব প্রথমে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা থেকে ২ নম্বর আসামি রহমান শেখকে এবং পরে সাতক্ষীরা সদর উপজেলার গাংনিয়া ব্রিজ এলাকা থেকে ১ নম্বর আসামি রাজিব শেখকে গ্রেফতার করে।
র্যাব-৬ জানায়, গ্রেফতার রাজিব শেখকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নড়াইলের লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
