যশোরে বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ পাচারকারী আটক
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

যশোরে বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ পাচারকারী আটক
যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ৪৬ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের দুটি স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক ব্যক্তি হলেন সাতক্ষীরা সদর উপজেলার লাপসা এলাকার মিজানুর রহমানের ছেলে সাদিকুর রহমান সুমন (৩৩)।
বিজিবি জানায়, অভিযানের সময় সাদিকুর রহমান সুমনের প্যান্টের পকেটে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ২২০ দশমিক ৪৯ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ২৮৫ টাকা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, তিনি ঢাকা থেকে যশোর হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো বহন করছিলেন।
বিজিবির তথ্যমতে, উদ্ধার হওয়া স্বর্ণের বারের মূল্য ৪৬ লাখ ২৮ হাজার ৮৫ টাকা। জব্দ করা মোবাইল ফোনের মূল্য ৩০ হাজার টাকা। নগদ অর্থসহ জব্দকৃত আলামতের মোট মূল্য ৪৬ লাখ ৬৩ হাজার ৩৭০ টাকা।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।
