শার্শায় ৬৫ পুরিয়া গাঁজাসহ নারী আটক, একজন পলাতক
প্রতিনিধি
কামাল হোসেন:

শার্শায় ৬৫ পুরিয়া গাঁজাসহ নারী আটক, একজন পলাতক
যশোরের শার্শা উপজেলার নাভারণ রেল বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৫ পুরিয়া গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ। এ সময় অপর এক মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।
শনিবার (১ আগস্ট ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাভারণ রেল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই আশীষ সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযানে স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের খোকন (৫০)-এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে নারী পুলিশের সহায়তায় মোছাঃ ফাতেমা ওরফে রত্না (২২)-কে গ্রেফতার করা হয়। তবে অভিযানের সময় রিপন গাজী (৩৫) নামে অপর এক আসামি কৌশলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত ফাতেমা ওরফে রত্না উত্তর বুরুজ বাগান (২ নম্বর ওয়ার্ড) এলাকার বাসিন্দা আশিকের স্ত্রী এবং খোকনের মেয়ে। বর্তমানে তিনি নাভারণ রেল বাজার (১ নম্বর ওয়ার্ড), শার্শা উপজেলার বাসিন্দা।
পলাতক রিপন গাজী শার্শা থানার নাভারণ রেল বাজারের (১ নম্বর ওয়ার্ড) রিয়াজুল গাজী ওরফে রিয়ার ছেলে।
অভিযানকালে গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে ৬৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মোট ওজন ১৩০ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে রবিবার (২ আগস্ট) সকালে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
