ঢাকা, বাংলাদেশ || শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ

ট্রান্সফরমার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক:

৫ সেপ্টেম্বর, ২০২৬
ট্রান্সফরমার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাতের আঁধারে সেচ পাম্পের ট্রান্সফরমার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শাহিন মিয়া (২৫) নামে এক যুবকের।

রাতের আঁধারে সেচ পাম্পের ট্রান্সফরমার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শাহিন মিয়া (২৫) নামে এক যুবকের। শুক্রবার রাতে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামের কানাবিল মাঠে এ ঘটনা ঘটে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ধানক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে ট্রান্সফরমার খোলার কিছু সরঞ্জাম পাওয়ায় চুরির চেষ্টার বিষয়টি সামনে এসেছে।

নিহত শাহিন মিয়া মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া গ্রামের নিজাম মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে বড়রিয়া গ্রামের কানাবিল মাঠে সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে শাহিন বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন। ট্রান্সফরমারটি খোলার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি খুঁটি থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শনিবার সকালে মাঠে কাজ করতে গিয়ে কয়েকজন কৃষক ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা বিষয়টি স্থানীয়দের জানান এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মহম্মদপুর থানার এসআই কামরুজ্জামান বলেন, ঘটনাস্থলের আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যেই ওই যুবক বৈদ্যুতিক খুঁটিতে উঠেছিলেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটি থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। মরদেহের পাশ থেকে ট্রান্সফরমার খোলার কিছু সরঞ্জাম পাওয়া গেছে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম শামীম আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন