বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণে চোরাচালানি পণ্য জব্দ
প্রতিনিধি
কামাল হোসেন :

বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণে চোরাচালানি পণ্য জব্দ
বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য প্রায় ১৪ লাখ টাকা।
রবিবার (৬ সেপ্টেম্বর) দিনব্যাপী যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের সদস্যরা এসব পণ্য জব্দ করে।
বিজিবি জানায়, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১২৪টি ভারতীয় শাড়ি, ১২টি টু-পিস, ৫৫টি পোশাক সামগ্রী, ৪ কেজি কিসমিস, সাড়ে ৫ কেজি জিরা, ৪৪ প্যাকেট ফুসকা, ২৭টি টেনিস বল, ১ কেজি আমসত্ব, ১২৫টি চকলেট ও ৪৮০টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক মূল্য ১৩ লাখ ৯৫ হাজার ৫৬০ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানিয়েছেন, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্র আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
