তেজগাঁও কলেজের শিক্ষার্থী বোলার হান্টে, স্বপ্নের বলে ঝড় তুলতে চান নিপা
প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক:

পড়াশোনার পাশাপাশি ক্রিকেটের ২২ গজে নিজের মেধা ও প্রতিভা তুলে ধরার এক অনন্য সুযোগ পেয়েছেন তেজগাঁও কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান নিপা।
পড়াশোনার পাশাপাশি ক্রিকেটের ২২ গজে নিজের মেধা ও প্রতিভা তুলে ধরার এক অনন্য সুযোগ পেয়েছেন তেজগাঁও কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান নিপা।
দেশব্যাপী উদীয়মান ও প্রতিভাবান বোলার খুঁজে বের করার বৃহৎ প্রতিভা অন্বেষণমূলক আয়োজন ‘রবি বোলার হান্ট ২০২৬’-এ অংশ নিতে যাচ্ছেন তিনি। আগামী পর্বে ঢাকার পূর্বাচল ক্রিকেট মাঠে নিজের বোলিং দক্ষতা প্রদর্শন করবেন এই তরুণী।
দীর্ঘ ৮ বছর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও মোবাইল অপারেটর রবির যৌথ উদ্যোগে আবারও শুরু হয়েছে এই বোলার হান্ট। এবারের আয়োজনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, ইতিহাসে প্রথমবারের মতো ছেলেদের পাশাপাশি নারী ক্রিকেটারদেরও এই ট্রায়ালে সরাসরি অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। এই বিশেষ সুযোগকেই কাজে লাগাতে চান তেজগাঁও কলেজের নিপা।
আয়োজক সূত্রে জানা গেছে, এই ‘বোলার হান্ট’ আয়োজনের মূল লক্ষ্য হলো দেশের তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় নতুন পেস ও স্পিন বোলারদের খুঁজে বের করা এবং তাদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পাইপলাইনে যুক্ত করা। ট্রায়ালে আধুনিক প্রযুক্তির মাধ্যমে অংশগ্রহণকারীদের বোলিংয়ের গতি (Speed), নিয়ন্ত্রণ (Line-Length), সুইং ও স্পিনসহ বিভিন্ন কারিগরি দক্ষতা সূক্ষ্মভাবে যাচাই করা হবে।
এদিকে তেজগাঁও কলেজের শিক্ষার্থী নুসরাত জাহান নিপার বোলার হান্টে অংশগ্রহণের খবরে তার সহপাঠী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
কলেজের শিক্ষার্থীরা মনে করছেন, প্রাতিষ্ঠানিক পড়াশোনার শত ব্যস্ততার মাঝেও ক্রিকেটের মতো বড় মঞ্চে নিজের স্বপ্নপূরণে নিপার এই পথচলা অন্য নারী শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে।
পূর্বাচলের মাঠে অনুষ্ঠিতব্য আগামী পর্বের বাছাইপর্বে নিজের সর্বোচ্চটা দিয়ে পারফর্ম করার প্রত্যয় ব্যক্ত করেছেন নুসরাত জাহান নিপা।
তিনি জানান, কঠোর অনুশীলন ও একাগ্রতার মাধ্যমে ভালো পারফরম্যান্স উপহার দিয়ে পরবর্তী ধাপে জায়গা করে নিতে চান তিনি। এর মাধ্যমে দেশের নারী ক্রিকেটের অগ্রগতিতে নিজের অবদান রাখার পাশাপাশি নিজের সম্ভাবনাকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন এই উদীয়মান ক্রিকেটার।
ক্রীড়া বিশ্লেষকদের মতে, তেজগাঁও কলেজের শিক্ষার্থী নুসরাত জাহান নিপার জন্য রবি বোলার হান্টের এই যাত্রা হতে পারে দেশের ক্রিকেটে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের একটি মাইলফলক।
