ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১ এপ্রিল, ২০২৬
জাতীয়

র‌্যাবের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশ।

প্রতিনিধি

সীমান্তের খবর ডেস্ক:

২৮ মার্চ, ২০২৬
র‌্যাবের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশ।

র‌্যাবের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশ। শনিবার (২৮ মার্চ) তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্বভার গ্রহণ করেন।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশ। শনিবার (২৮ মার্চ) তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্বভার গ্রহণ করেন। এর মাধ্যমে তিনি সংস্থাটির ১২তম ডিজি হিসেবে দায়িত্ব পালন শুরু করলেন। তিনি অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।

এর আগে গত ১৬ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আহসান হাবীব পলাশকে র‌্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তখন তিনি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) হিসেবে কর্মরত ছিলেন।

পেশাগত জীবনে আহসান হাবীব পলাশ দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একজন পুলিশ কর্মকর্তা। তিনি ১৯৯৫ সালে বিসিএস (পুলিশ) ১৫তম ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পরবর্তীতে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী থেকে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন।

তার কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এছাড়া তিনি রাঙ্গামাটি, শরীয়তপুর ও নারায়ণগঞ্জ জেলার পুলিশ প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

তদন্ত ও প্রশাসনিক ক্ষেত্রেও তার অভিজ্ঞতা রয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদর দপ্তরে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরে পদোন্নতি পেয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন।

আন্তর্জাতিক পরিসরেও তিনি কাজের স্বীকৃতি অর্জন করেছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় কসোভো, লাইবেরিয়া, সুদান ও দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করেন তিনি। পেশাগত অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম-সেবা)’ লাভ করেছেন।

শিক্ষাজীবনে আহসান হাবীব পলাশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

শেয়ার করুন