তেজগাঁও কলেজে সিএসইর ১২তম ব্যাচের বিদায় সংবর্ধনা
প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক:

তেজগাঁও কলেজে সিএসই বিভাগের ১২তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিকে উপহার তুলে দেওয়া হচ্ছে।
দীর্ঘদিনের চেনা ক্যাম্পাস, শ্রেণিকক্ষ আর শিক্ষক-সহপাঠীদের সঙ্গে কাটানো অসংখ্য স্মৃতি পেছনে ফেলে নতুন জীবনের পথে পা রাখতে যাচ্ছে তেজগাঁও কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থীরা। তাদের বিদায় জানাতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ফেয়ারওয়েল সেরিমনি-২০২৬’।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কলেজের ৬ নম্বর ভবনের অডিটোরিয়ামে সিএসই বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ আমিনুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক মোঃ আব্দুল হাদী, সহকারী অধ্যাপক মোঃ খায়রুজ্জামান, প্রভাষক কাবেল উদ্দীন, ফারজানা রহমান, মির্জা তাহেরা, মোঃ আসাদুজ্জামান নূর, সাউদ-আল-আবেদীনসহ বিভাগের অন্যান্য শিক্ষক।
অনুষ্ঠানে শিক্ষকরা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। কর্মজীবনে সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার সঙ্গে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানানোর পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অন্যদিকে, শিক্ষার্থীরা কলেজজীবনের নানা স্মৃতিচারণ করেন। শিক্ষক, সহপাঠী ও প্রিয় ক্যাম্পাসের সঙ্গে জড়িয়ে থাকা আনন্দ-বেদনার স্মৃতি তুলে ধরতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি আর নতুন স্বপ্ন পূরণের অভিযাত্রার সূচনাকে ঘিরে পুরো আয়োজন হয়ে ওঠে আবেগঘন ও স্মৃতিময়। শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক ভালোবাসা, শুভেচ্ছা আর বিদায়ের আবেগে মুখর হয়ে ওঠে অডিটোরিয়াম।
আনুষ্ঠানিক বিদায়ের মধ্য দিয়ে সিএসই বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থীদের কলেজজীবনের সমাপ্তি ঘটলেও শিক্ষক, সহপাঠী ও প্রিয় ক্যাম্পাসের সঙ্গে কাটানো স্মৃতিগুলো আগামীর পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে বলে জানান বিদায়ী শিক্ষার্থীরা।
