হাসিনার দেশত্যাগের ভিডিও নিয়ে আলোচিত সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ তুরাগ নদী থেকে উদ্ধার
প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক:

হাসিনার দেশত্যাগের ভিডিও নিয়ে আলোচিত সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ তুরাগ নদী থেকে উদ্ধার
রাজধানীর তুরাগ নদী থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির (তাওসিফ সাউরি) মরদেহ উদ্ধার করা হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০২৪ সালের ৫ আগস্ট গণভবন ত্যাগের আলোচিত ভিডিও ধারণ ও প্রকাশের সঙ্গে তাঁর নাম জড়িয়ে আলোচনার সৃষ্টি হয়েছিল। নিখোঁজ হওয়ার এক দিন পর বুধবার (২৮ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টার দিকে রাজধানীর উত্তরখান থানার রাজাবাড়ীসংলগ্ন তুরাগ নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টঙ্গী নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। পরে পোশাক, হাতঘড়ি ও পকেটে থাকা আইফোনের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, তাহসিফ সৌরি রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরে বসবাস করতেন। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পাওয়ার পর পুলিশ মরদেহ উদ্ধারে উদ্যোগ নেয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তিনি কীভাবে তুরাগ নদীতে পৌঁছালেন কিংবা মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আলোচিত ভিডিও নিয়ে বিতর্ক
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন। ওই দিন হেলিকপ্টারে গণভবন ছাড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ধারণ ও প্রকাশের সঙ্গে সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সৌরির নাম জড়িয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়েছিল। তবে এক পডকাস্টে ভিডিওটি ছড়িয়ে দেওয়ার দাবি নাকচ করেছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরবর্তী সময়ে তিনি বিমানবাহিনী থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে চাকরি ছাড়েন বলে জানা গেছে।
তবে আলোচিত ভিডিও প্রকাশের সঙ্গে তাঁর মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে-এমন তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর মতো প্রমাণও প্রকাশ্যে আসেনি।
তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
তাহসিফ সৌরির মরদেহ উদ্ধারের ঘটনায় ময়নাতদন্ত ও প্রাথমিক তদন্ত শেষ হওয়ার আগে কোনো মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি এটা পত্রিকায় পড়েছি। এখনো পর্যন্ত পোস্টমর্টেম করছে। আর একটা প্রাথমিক তদন্ত হবে। তারপরে কথা বলা যাবে। এই মুহূর্তে কথা বলতে চাই না। আমি এই বিষয়ে এখনো কোনো কথা বলতে চাচ্ছি না। কারণ, একটা প্রাথমিক তদন্ত হতে হবে আর লাশের পোস্টমর্টেম হচ্ছে। তারপরে আমরা সব বিষয় জেনে কথা বলব।”
এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দাবি করেন, আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। দায়িত্ব নেওয়ার পর পুলিশ বাহিনীর মনোবল ফিরিয়ে আনা, শৃঙ্খলা জোরদার, জনবল বৃদ্ধি এবং যানবাহনসহ প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের মাধ্যমে বাহিনীকে আরও সক্ষম করার কাজ চলছে।
