তেজগাঁও কলেজের লাইব্রেরিতে মনোবিজ্ঞান বিভাগের নতুন বই
প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক:

তেজগাঁও কলেজের লাইব্রেরিতে মনোবিজ্ঞান বিভাগের নতুন বই
তেজগাঁও কলেজের কেন্দ্রীয় লাইব্রেরিতে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের দীর্ঘদিনের বই সংকট দূর হয়েছে। শিক্ষার্থীদের চাহিদা ও পড়াশোনার সুবিধার্থে লাইব্রেরিতে নতুন বই সংযোজন করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এসব বই লাইব্রেরিতে যুক্ত করা হয়।
দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় পাঠ্য ও সহায়ক বইয়ের সংকটে লাইব্রেরিতে পড়াশোনা করতে গিয়ে সমস্যায় পড়ছিলেন মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। লাইব্রেরির নিয়ম অনুযায়ী বাইরে থেকে বই নিয়ে প্রবেশের সুযোগ না থাকায় তাদের ভোগান্তি আরও বাড়ত। নতুন বই সংযোজনের ফলে শিক্ষার্থীদের সেই সমস্যা অনেকটাই দূর হয়েছে।
বই সংযোজন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামিমা ইয়াসমিন।
বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক নূর নবী আল মাহমুদ ও ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন মনোবিজ্ঞান বিভাগের প্রধান মুনীরা পার্ভীন, সহযোগী অধ্যাপক এরশাদ আলী রহমান, অধ্যাপক সাগীর হোসেন ভূঁইয়া এবং বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
নতুন বই সংযোজনকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের মধ্যে দেখা গেছে উৎসাহ-উদ্দীপনা।
মনোবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘লাইব্রেরিতে প্রয়োজনীয় বই না থাকায় পড়াশোনা ব্যাহত হতো। বাইরে থেকে বই নিয়ে লাইব্রেরিতে প্রবেশেরও সুযোগ ছিল না। এখন প্রয়োজনীয় বইগুলো লাইব্রেরিতে যুক্ত হওয়ায় আমরা নিয়মিত পড়াশোনায় আরও বেশি উপকৃত হব।’
শিক্ষার্থীরা আশা করছেন, ভবিষ্যতেও তাদের একাডেমিক চাহিদা বিবেচনায় নিয়ে লাইব্রেরিতে আরও প্রয়োজনীয় ও মানসম্মত বই সংযোজন করা হবে।
