ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
জাতীয়

ডিসিদের সন্তান নিজ জেলাতেই পড়বে-শিক্ষামন্ত্রী

প্রতিনিধি

সীমান্তের খবর ডেস্ক:

১১ এপ্রিল, ২০২৬
ডিসিদের সন্তান নিজ জেলাতেই পড়বে-শিক্ষামন্ত্রী

জেলা প্রশাসকদের (ডিসি) সন্তানদের নিজ নিজ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানেই পড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষা কেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একইসঙ্গে জেলা প্রশাসকদের (ডিসি) সন্তানদের নিজ নিজ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানেই পড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজশাহীতে কেন্দ্র সচিবদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, নকলের ধরন এখন অনেকটাই পরিবর্তিত হয়েছে এবং প্রযুক্তিনির্ভর নানা কৌশল ব্যবহার করা হচ্ছে। এ কারণে ডিজিটাল নজরদারি জোরদার করতে হবে। তিনি জানান, সব শিক্ষা প্রতিষ্ঠান ও পরীক্ষা কেন্দ্র ধাপে ধাপে সিসিটিভির আওতায় আনা হবে।

পরীক্ষা চলাকালে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না জানিয়ে তিনি বলেন, “বিদ্যুৎ না থাকায় ক্যামেরা বন্ধ ছিল—এমন অজুহাত গ্রহণযোগ্য হবে না। এমন কথা বললে সন্দেহ তৈরি হবে।” সংঘবদ্ধভাবে নকলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বিনা পরীক্ষায় বা মেধা ছাড়া কেউ যেন সনদ না পায়, সে বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে শিক্ষামন্ত্রী বলেন, “আমরা চাই না কেউ বিনা পরীক্ষায় পাস করুক বা মেধা ছাড়া সনদ পাক। যারা পড়াশোনা করবে না, তাদের নিয়ে আমাদের ভাবনা নেই; আমরা মনোযোগ দিচ্ছি প্রকৃত শিক্ষার্থীদের উন্নয়নে।”

বোর্ডভিত্তিক পাসের হার নিয়ে প্রতিযোগিতার সমালোচনা করে তিনি বলেন, সারাদেশে একক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত। শিক্ষা ব্যবস্থায় মৌলিক পরিবর্তন এনে শিক্ষার্থীদের সময়ের অপচয় রোধ করার ওপরও জোর দেন তিনি।

শিক্ষার্থীদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন বিদেশি ভাষা শিক্ষার প্রসার ঘটানোর প্রস্তাব দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, জাপানি, চীনা, ফরাসিসহ বিভিন্ন ভাষা শেখানোর সুযোগ বাড়ানো গেলে দেশের মানবসম্পদ আরও দক্ষ হয়ে উঠবে।

শিক্ষা বোর্ডগুলোর কার্যক্রম নিয়েও মন্তব্য করে তিনি বলেন, বোর্ডগুলোকে আরও স্বায়ত্তশাসিত ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।

পরীক্ষার খাতা মূল্যায়নে অনিয়মের অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী বলেন, “হেলপার দিয়ে খাতা মূল্যায়ন বা পরে লিখে দেওয়ার মতো ঘটনা আর চলবে না।” এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

শিক্ষকদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, “কোনো প্রতিষ্ঠানে সবাই ফেল করলে এবার হয়তো কিছু বলবো না, কিন্তু এমন কথা বলবো যা আপনাদের ভাবাবে। তাই এখন থেকেই প্রস্তুতি নিন, যেন ভালো ফলাফল আসে।”

রাজশাহী শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের অংশগ্রহণে আয়োজিত এ সভায় বিভাগীয় কমিশনার, স্থানীয় সংসদ সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

ডিসিদের সন্তান নিজ জেলাতেই পড়বে-শিক্ষামন্ত্রী | সীমান্তের খবর