ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
আন্তর্জাতিক

ইরানের সাথে সংঘাতে যুক্তরাষ্ট্রের ড্রোন ক্ষতি প্রায় ৭২ কোটি ডলার

প্রতিনিধি

সীমান্তের খবর ডেস্ক:

১১ এপ্রিল, ২০২৬
ইরানের সাথে সংঘাতে যুক্তরাষ্ট্রের ড্রোন ক্ষতি প্রায় ৭২ কোটি ডলার

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গত ১ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের অন্তত আটটি এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গত ১ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের অন্তত আটটি এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস হয়েছে। ফলে ইরান-সম্পর্কিত সংঘাতে যুক্তরাষ্ট্রের মোট হারানো ড্রোনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪-এ। এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ; খবর প্রকাশ করেছে টিআরটি ওয়ার্ল্ড।

প্রতিবেদন অনুযায়ী, এসব ড্রোন হারানোর ফলে যুক্তরাষ্ট্রের আনুমানিক আর্থিক ক্ষতি প্রায় ৭২ কোটি ডলার। প্রতিটি এমকিউ-৯ রিপার ড্রোনের মূল্য মডেলভেদে প্রায় তিন কোটি ডলার বা তারও বেশি।

জেনারেল অ্যাটমিক্স অ্যারোনটিক্যাল সিস্টেমস নির্মিত এমকিউ-৯ রিপার একটি উন্নতমানের মনুষ্যবিহীন আকাশযান, যা মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি, পর্যবেক্ষণ এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার কাজে ব্যবহৃত হয়।

সিবিএস নিউজের তথ্যে আরও বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকে ইরানজুড়ে ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও মধ্যপ্রাচ্যের ১২টি দেশে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

এদিকে, গত মঙ্গলবার দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রেখেছে।

তথ্যসূত্র: সিবিএস নিউজ, টিআরটি ওয়ার্ল্ড

শেয়ার করুন