ভারতীয় ভিসায় নতুন শর্ত, সব আবেদনকারীর অঙ্গীকারনামা বাধ্যতামূলক
প্রতিনিধি
সীমান্তের খবর ডেস্ক:

ভারতীয় ভিসায় নতুন শর্ত, সব আবেদনকারীর অঙ্গীকারনামা বাধ্যতামূলক
ভারতীয় ভিসা আবেদনের প্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।
এখন থেকে বাংলাদেশি নাগরিকদের সব ধরনের ভারতীয় ভিসার আবেদনের সঙ্গে নির্ধারিত ফরম্যাটে ‘ভিসা অঙ্গীকারনামা’ (Visa Undertaking Form) জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত ফরম পূরণ করে অনলাইন আবেদনের সঙ্গে আপলোড না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ভিসা-সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাইকমিশনের নির্দেশনা অনুযায়ী, প্রত্যেক ভিসা আবেদনকারীকে নির্ধারিত ফরম্যাটে অঙ্গীকারনামা পূরণ করে জমা দিতে হবে। এ জন্য প্রথমে হাইকমিশনের দেওয়া নির্দিষ্ট লিংক থেকে এক পাতার ‘Visa Undertaking Form’ ডাউনলোড করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করে ফরমটি স্ক্যান করতে হবে। স্ক্যান করা কপি এনআইসি ভিসা আবেদন পোর্টালে (NIC Visa Application Portal) অনলাইন আবেদনের সঙ্গে আপলোড করতে হবে।
হাইকমিশন স্পষ্ট জানিয়েছে, শুধু নির্ধারিত ফরম্যাটের অঙ্গীকারনামাই গ্রহণ করা হবে। অন্য কোনো ফরম্যাটে তৈরি বা জমা দেওয়া ফরম গ্রহণযোগ্য হবে না। ফলে ভিসার আবেদন জমা দেওয়ার আগে অঙ্গীকারনামাটি সঠিকভাবে পূরণ ও আপলোড করা হয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে আবেদনকারীদের।
অঙ্গীকারনামায় যেসব তথ্য দিতে হবে
নির্ধারিত ফরমের প্রথম অংশে আবেদনকারীর ব্যক্তিগত পরিচিতি ও পাসপোর্ট-সংক্রান্ত পাঁচটি তথ্য চাওয়া হয়েছে। এগুলো হলো-পাসপোর্ট অনুযায়ী আবেদনকারীর পূর্ণ নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্মতারিখ এবং ঢাকায় বর্তমান ঠিকানা।
এ ছাড়া আবেদনকারীকে ভারত সফরের উদ্দেশ্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সফরের উদ্দেশ্য হিসেবে পর্যটন, ব্যবসা, চিকিৎসা কিংবা সম্মেলনে অংশগ্রহণের মতো বিষয় উল্লেখ করার সুযোগ রয়েছে। যে উদ্দেশ্যে ভিসার আবেদন করা হয়েছে, ভারত সফরও শুধু সেই উদ্দেশ্যেই করা হবে বলে অঙ্গীকার করতে হবে।
তিনটি বিষয়ে দিতে হবে অঙ্গীকার
ফরমের পরবর্তী অংশে আবেদনকারীকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে অঙ্গীকার করতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে, ভিসা আবেদনে উল্লেখ করা উদ্দেশ্যেই ভারত সফর করা, সফর শেষে নিজ দেশে ফিরে আসা এবং কোনো অবস্থাতেই ভিসার মেয়াদ শেষ হওয়ার পর ভারতে অবস্থান না করা।
পাশাপাশি আবেদনকারীকে ঘোষণা দিতে হবে, আবেদনের তারিখে তিনি ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের অধিক্ষেত্রের মধ্যে বসবাস করছেন এবং ভিসা আবেদনে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য।
ভারতে অবস্থানকালে দেশটির প্রচলিত আইন, বিধিবিধান ও সংস্কৃতি মেনে চলার অঙ্গীকারও করতে হবে। কোনো ধরনের আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত হওয়া যাবে না।
অঙ্গীকারনামায় সতর্ক করে বলা হয়েছে, আইন লঙ্ঘন করলে আবেদনকারীর ভিসা বাতিল হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে ভারতীয় ভিসা পাওয়ার ক্ষেত্রেও জটিলতা তৈরি হতে পারে।
অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বাবা-মায়ের স্বাক্ষর বাধ্যতামূলক
অঙ্গীকারনামার শেষ অংশে আবেদনকারীকে স্বাক্ষর, স্থান ও তারিখ উল্লেখ করতে হবে। তবে অপ্রাপ্তবয়স্ক আবেদনকারীদের ক্ষেত্রে বাবা ও মা উভয়ের স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে।
হাইকমিশনের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত ফরম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ ও স্ক্যান করার পর অনলাইন ভিসা আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। অন্য কোনো ফরম্যাট ব্যবহার করলে তা গ্রহণ করা হবে না।
নতুন এ নির্দেশনার ফলে ভারতীয় ভিসা প্রত্যাশীদের আবেদন প্রক্রিয়ায় অঙ্গীকারনামা পূরণ ও আপলোডের বিষয়টি বাধ্যতামূলক ধাপ হিসেবে যুক্ত হলো। তাই আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করে নির্ধারিত নিয়ম অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
