আজ থেকে শিয়ালদহ-বনগাঁ এসি লোকাল চালু-বাংলাদেশিদের জন্য সুখবর
প্রতিনিধি
কামাল হোসেন:

আজ থেকে শিয়ালদহ-বনগাঁ এসি লোকাল চালু-বাংলাদেশিদের জন্য সুখবর
আজ ২০ আগস্ট ২০২৬ থেকে শিয়ালদহ-বারাসত এসি লোকাল ট্রেনের পরিষেবা বাড়িয়ে সরাসরি বনগাঁ পর্যন্ত চালুর ঘোষণা দিয়েছে পূর্ব রেল।
এতে বেনাপোল চেকপোস্ট দিয়ে কলকাতা ও বনগাঁ সীমান্তের মধ্যে যাতায়াতকারী বাংলাদেশি যাত্রীদের জন্যও তৈরি হবে আরও একটি সুবিধাজনক ও আরামদায়ক যাতায়াতের বিকল্প।
পূর্ব রেলের ঘোষণামতে, ৩৩৪৪৯ নম্বর আপ এসি লোকালটি শিয়ালদহ থেকে সকাল ১০টা ৩৩ মিনিটে ছেড়ে বারাসত জংশনে সকাল ১১টা ১৪ মিনিটে পৌঁছাবে। এক মিনিট বিরতির পর ১১টা ১৫ মিনিটে বারাসত ছেড়ে দুপুর ১২টা ২৩ মিনিটে বনগাঁ জংশনে পৌঁছাবে।
অন্যদিকে, ৩৩৪৪২ নম্বর ডাউন এসি লোকালটি বনগাঁ জংশন থেকে দুপুর ১২টা ৩৫ মিনিটে ছেড়ে শিয়ালদহে পৌঁছাবে দুপুর ২টা ২৫ মিনিটে। পথে ঠাকুরনগর, গোবরডাঙ্গা, হাবরা, দত্তপুকুর, বারাসত, মধ্যমগ্রাম, বিরাটি, দমদম ক্যান্টনমেন্ট, দমদম জংশন ও বিধাননগর রোডসহ গুরুত্বপূর্ণ স্টেশনে যাত্রাবিরতি থাকবে।
ট্রেনটি সপ্তাহে ছয় দিন-সোমবার থেকে শনিবার-চলবে। রবিবার পরিষেবা বন্ধ থাকবে।
নতুন এই ট্রেনে যাত্রীদের জন্য সিসিটিভি ক্যামেরা, স্বয়ংক্রিয় দরজা ও জিপিএসভিত্তিক তথ্য ব্যবস্থার মতো আধুনিক সুবিধাও থাকছে।
শিয়ালদহ থেকে বনগাঁ পর্যন্ত এসি লোকালের সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা এবং সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা।
শিয়ালদহ থেকে বিধাননগর রোড, দমদম জংশন ও দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত ভাড়া ৩৫ টাকা। মধ্যমগ্রাম ও বারাসত জংশন পর্যন্ত ৬০ টাকা, দত্তপুকুর ৮৫ টাকা, হাবরা ৯০ টাকা, গোবরডাঙ্গা ও ঠাকুরনগর ১০৫ টাকা এবং বনগাঁ জংশন পর্যন্ত ১২০ টাকা।
তবে বেনাপোল চেকপোস্ট দিয়ে কলকাতা ও বনগাঁ সীমান্তের মধ্যে যাতায়াতকারী বাংলাদেশি যাত্রীদের জন্য সাধারণ লোকাল ও এসি লোকালের ভাড়ার পার্থক্যটি জানা বেশ গুরুত্বপূর্ণ। শিয়ালদহ থেকে বনগাঁ পর্যন্ত সাধারণ লোকাল ট্রেনে যেখানে ভাড়া মাত্র ২০ টাকা, সেখানে এসি লোকালে একই দূরত্বের ভাড়া ১২০ টাকা। অর্থাৎ এসি লোকালে যেতে সাধারণ লোকালের তুলনায় ১০০ টাকা বেশি খরচ হবে।
এছাড়া শিয়ালদহ থেকে বারাসত পর্যন্ত সাধারণ লোকালের ভাড়া প্রায় ১৫ টাকা হলেও এসি লোকালে ৬০ টাকা, হাবরা পর্যন্ত সাধারণ লোকালে ১৫ টাকার বিপরীতে এসি লোকালে ৯০ টাকা এবং গোবরডাঙ্গা ও ঠাকুরনগর পর্যন্ত সাধারণ লোকালে ২০ টাকার বিপরীতে এসি লোকালে দিতে হবে ১০৫ টাকা। ফলে কম খরচে যাতায়াত করতে চাইলে সাধারণ লোকালই বেশি সাশ্রয়ী। আর ভিড় এড়িয়ে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে আরামদায়ক যাত্রার জন্য এসি লোকাল হতে পারে বিকল্প।
ব্যস্ত শিয়ালদহ-বনগাঁ রুটে প্রতিদিন বিপুলসংখ্যক যাত্রী যাতায়াত করেন। বিশেষ করে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করে কলকাতা ও বনগাঁসহ আশপাশের এলাকায় যাতায়াতকারী বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন এই পরিষেবা যাতায়াতে আরও একটি সুবিধাজনক ও আরামদায়ক বিকল্প তৈরি করবে। তবে এসি লোকালে যাত্রার জন্য সাধারণ লোকালের টিকিটের পরিবর্তে নির্দিষ্ট এসি লোকালের টিকিট সংগ্রহ করতে হবে।
