সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
প্রতিনিধি
সীমান্তের খবর ডেস্ক:

সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই। রোববার (১২ এপ্রিল) বিকেল ৫টা ৪৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আকসির এম চৌধুরী। তিনি জানান, শনিবার দুপুরে অসুস্থ হয়ে পড়লে ব্যারিস্টার শফিক আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণসহ দুই দফা জানাজা শেষে আগামীকাল সোমবার তাকে দাফন করা হবে বলেও জানান তিনি।
ব্যারিস্টার শফিক আহমেদ ১৯৩৭ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। ১৯৬৭ সালে লন্ডনের কিংস কলেজ থেকে এলএলএম এবং লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন। তিনি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্যক্তিজীবনে ব্যারিস্টার শফিক আহমেদ দুই ছেলে ও এক মেয়ের জনক। তার স্ত্রী, ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম, গত বছরের ১২ আগস্ট ইন্তেকাল করেন।
