ঢাকা, বাংলাদেশ || রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে সিগারেট কেনা আজীবনের জন্য নিষিদ্ধ

প্রতিনিধি

আন্তর্জাতিক ডেস্ক:

২৫ এপ্রিল, ২০২৬
 যুক্তরাজ্যে সিগারেট কেনা আজীবনের জন্য নিষিদ্ধ

ধূমপান নিয়ন্ত্রণে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। ২০০৯ সালের ১ জানুয়ারি বা এর পরে জন্ম নেওয়া কেউই জীবনের কোনো পর্যায়ে বৈধভাবে তামাকজাত পণ্য কিনতে পারবে না।

আন্তর্জাতিক ডেস্ক: ধূমপান নিয়ন্ত্রণে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। দেশটির পার্লামেন্টে ‘তামাক ও ভ্যাপস বিল’ পাস হয়েছে, যার মাধ্যমে নির্দিষ্ট প্রজন্মের জন্য আজীবন সিগারেট কেনা নিষিদ্ধ করা হচ্ছে।

নতুন আইনে বলা হয়েছে, ২০০৯ সালের ১ জানুয়ারি বা এর পরে জন্ম নেওয়া কেউই জীবনের কোনো পর্যায়ে বৈধভাবে তামাকজাত পণ্য কিনতে পারবে না। এ লক্ষ্যে প্রতি বছর তামাক কেনার ন্যূনতম বয়স এক বছর করে বাড়ানো হবে। ফলে ধীরে ধীরে একটি “ধূমপানমুক্ত প্রজন্ম” গড়ে তোলাই সরকারের উদ্দেশ্য।

আইনটি শিগগিরই রাজকীয় অনুমোদন (রয়্যাল অ্যাসেন্ট) পাওয়ার কথা রয়েছে। অনুমোদন মিললে এটি কার্যকর হবে।

এছাড়া নতুন বিধানে ভ্যাপিং বা ই-সিগারেটের ওপরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। ১৮ বছরের কম বয়সীদের কাছে ভ্যাপ ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে এসব পণ্যের বিজ্ঞাপন, প্রদর্শন, বিনামূল্যে বিতরণ ও মূল্যছাড়ের ওপরও সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং এই আইনকে দেশের জনস্বাস্থ্যের জন্য “ঐতিহাসিক মুহূর্ত” হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে নিকোটিন আসক্তি থেকে দূরে রাখবে এবং দীর্ঘমেয়াদে অসংখ্য প্রাণ রক্ষা করবে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ইংল্যান্ডে প্রতি বছর ধূমপানের কারণে প্রায় ৬৪ হাজার মানুষের মৃত্যু হয় এবং প্রায় ৪ লাখ মানুষ হাসপাতালে ভর্তি হন। এতে দেশটির জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা (এনএইচএস)-এর বছরে প্রায় ৩ বিলিয়ন পাউন্ড ব্যয় হয়। পাশাপাশি সামগ্রিক অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ২০ বিলিয়ন পাউন্ডেরও বেশি।

তরুণদের মধ্যে ভ্যাপিংয়ের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় এর আগেই একবার ব্যবহারযোগ্য (ডিসপোজেবল) ভ্যাপ নিষিদ্ধ করা হয়েছিল। নতুন আইনে সেই নিয়ন্ত্রণ আরও কঠোর করা হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই আইন কার্যকর হলে ধূমপানের হার উল্লেখযোগ্যভাবে কমবে এবং ভবিষ্যতে একটি স্বাস্থ্যকর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন