ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
সারাদেশ

বেনাপোলের আলোচিত ইউনুস হত্যা মামলায় তার নিজ স্ত্রী আটক

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

২৮ এপ্রিল, ২০২৬
বেনাপোলের আলোচিত ইউনুস হত্যা মামলায় তার নিজ স্ত্রী আটক

বেনাপোলের ইউনুস আলী (৪৭) হত্যার অভিযোগে তার স্ত্রী তাসলিমা খাতুনকে আটক করেছে পুলিশ।

বেনাপোলের ইউনুস আলী (৪৭) হত্যার অভিযোগে তার স্ত্রী তাসলিমা খাতুনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে যশোর শহরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে একই দিন বিকেলে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা, বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন মোল্লা।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ইউনুস আলী বেনাপোল স্থলবন্দরের একটি পরিবহন এজেন্সিতে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি বেনাপোলের গাতিপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে স্ত্রী ও মায়ের সঙ্গে বসবাস করতেন। গত ২২ এপ্রিল দুপুরে এক অজ্ঞাত ব্যক্তি কাজের কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পরদিন ২৩ এপ্রিল সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অজ্ঞাত লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি ইউনুস আলীর বলে শনাক্ত করেন। পরে বেনাপোল পোর্ট থানায় যোগাযোগ করে আনুষ্ঠানিকভাবে লাশ শনাক্ত করা হয়।

প্রাথমিক পর্যবেক্ষণে নিহতের গলায় দাগ ও শ্বাসরোধের আলামত পাওয়ায় এটি হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তের এক পর্যায়ে স্ত্রী তাসলিমা খাতুনের সংশ্লিষ্টতার তথ্য সামনে এলে তাকে আটক করা হয়।

শেয়ার করুন