যশোরে যুবলীগের মিছিলের অভিযোগে পাঁচজন আটক, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক:

যশোর শহরে যুবলীগের ব্যানারে মিছিল ও সমাবেশের অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
যশোর শহরে যুবলীগের ব্যানারে মিছিল ও সমাবেশের অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) গভীর রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটকরা হলেন- কাজীপাড়া এলাকার আনসার আলীর ছেলে সৈয়দ তৌফিক জাহান, একই এলাকার নুরুল আলমের ছেলে শফিকুল ইসলাম সুজন, মৃত লোকমানের ছেলে বাবলু শেখ, শহিদুল ইসলামের ছেলে সোহান হোসেন এবং ষষ্টিতলা এলাকার সৈয়দ আহমেদের ছেলে আনোয়ার হোসেন বাবু।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের একটি ফেসবুক পেজ থেকে যশোর শহরে যুবলীগের ব্যানারে দুটি কর্মসূচি পালনের দাবি করে ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওগুলোতে শহরের গরীবশাহ সড়কে একটি মিছিল থেকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। একই ধরনের আরেকটি ভিডিওতেও সংগঠনের কার্যক্রম চালানোর দাবি করা হয়।
বিষয়টি জেলা পুলিশের নজরে আসার পর তা গুরুত্ব সহকারে তদন্ত শুরু করা হয়। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশে কোতোয়ালি থানা পুলিশসহ একাধিক টিম সমন্বিতভাবে অভিযান চালায়। পরে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্টতার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের পক্ষে গোপনে কার্যক্রম পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে যুবলীগের ব্যানারে মিছিল সংগঠনের সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় কোতোয়ালি থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেছে। মামলার তদন্ত চলমান রয়েছে।
