সাতক্ষীরায় বজ্রপাতে এক নারী আইনজীবী মৃত্যু
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

সাতক্ষীরায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে অ্যাডভোকেট কামরুন্নাহার ছবি (৫৫) নামে এক নারী আইনজীবীর মৃত্যু হয়েছে।
সাতক্ষীরায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে অ্যাডভোকেট কামরুন্নাহার ছবি (৫৫) নামে এক নারী আইনজীবীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ মে) সন্ধ্যা পৌনে ৮টার দিকে শহরের সাতক্ষীরা সরকারি কলেজের জিয়া হল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুন্নাহার ছবি সাতক্ষীরা ক্লেমন ক্রিকেট একাডেমির পরিচালক ইকরামুল ইসলাম লালুর স্ত্রী।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় হঠাৎ করেই সাতক্ষীরার আকাশে কালো মেঘ জমে প্রবল দমকা হাওয়া ও বৃষ্টিসহ কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের মধ্যেই কামরুন্নাহার ছবি বাড়ির পেছনের আমবাগানে যান। এ সময় বিকট শব্দে একটি বজ্রপাত ঘটে। পরে স্বজন ও প্রতিবেশীরা আমবাগানে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, বজ্রপাতের আঘাতেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহতের স্বামী ইকরামুল ইসলাম লালু জানান, ঝড়ের সময় তার স্ত্রী বাড়ির পেছনে আমগাছের নিচে অবস্থান করছিলেন। তখনই বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতের আঘাতেই তার মৃত্যু হয়েছে বলে তিনি ধারণা করছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি বজ্রপাতে মৃত্যুর ঘটনা বলেই নিশ্চিত হওয়া গেছে।
এদিকে, হঠাৎ এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। স্থানীয়রা জানান, চলতি মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বেড়ে যাওয়ায় সচেতনতা বৃদ্ধি জরুরি হয়ে পড়েছে।
বিশেষ করে ঝড়-বৃষ্টির সময় খোলা মাঠ, গাছের নিচে কিংবা উঁচু স্থানে অবস্থান না করার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।
