সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী
প্রতিনিধি
সীমান্তের খবর ডেস্ক:

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে দেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে দেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে পাঁচ ধাপের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।
মঙ্গলবার (১৯ মে) বগুড়ায় প্রশাসক নিয়োগ প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, বর্ষা মৌসুম শেষে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। পরে ধাপে ধাপে অন্যান্য স্তরের নির্বাচন আয়োজন করা হবে। কোন নির্বাচন আগে হবে, তা নির্ভর করবে বাজেট বরাদ্দের ওপর।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয়। এ কারণে আগামী বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখার পরিকল্পনা করা হচ্ছে। নির্বাচন ব্যয়ের হিসাব জানতে ইতোমধ্যে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে সরকার বগুড়ায় দেশের ১৩তম সিটি করপোরেশনের নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে। স্থানীয় বিএনপির সহসভাপতি এম আর ইসলাম স্বাধীনকে এ পদে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী এক বছরের মধ্যে নতুন বগুড়াসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও সম্পন্ন করা হবে।
