শার্শায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা ও উপবৃত্তির অনলাইন আবেদন শুরু
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

শার্শায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির অনলাইন আবেদন ১ আগস্ট থেকে
যশোরের শার্শা উপজেলায় ২০২৬-২০২৭ অর্থবছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নতুন উপকারভোগী বাছাইয়ের লক্ষ্যে আগামী ১ আগস্ট থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ শুক্রবার নিজের ফেসবুক আইডিতে এ তথ্য জানিয়ে সমাজসেবা অধিদপ্তরের নির্দেশনা প্রকাশ করেন। তিনি যোগ্য ব্যক্তিদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার আহ্বান জানান।
সমাজসেবা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি এবং অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আবেদন করতে হবে dss.bhata.gov.bd/online-application ওয়েবসাইটে।
নির্দেশনায় বলা হয়েছে, আবেদনকারীকে নিজ স্থায়ী ঠিকানা থেকে আবেদন করতে হবে এবং প্রতিবন্ধী ভাতা ছাড়া অন্যান্য সব নাগরিক আবেদন করতে পারবেন। আবেদনপত্রে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সক্রিয় মোবাইল নম্বর এবং ব্যাংক হিসাবের তথ্য দিতে হবে। কোনো ব্যক্তি ইতোমধ্যে একই ধরনের সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগী হলে নতুন করে এ সুবিধার জন্য বিবেচিত হবেন না।
এছাড়া পূর্ববর্তী অর্থবছরে আবেদন করে অপেক্ষমাণ তালিকায় থাকা ব্যক্তিদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। যাচাই-বাছাই শেষে যোগ্য আবেদনকারীদের অনুমোদন সাপেক্ষে ভাতা ও উপবৃত্তি প্রদান করা হবে। নির্বাচিত উপকারভোগীরা জুলাই ২০২৬ থেকে ভাতা ও শিক্ষা উপবৃত্তি পাবেন।
এ বিষয়ে ইউএনও ফজলে ওয়াহিদ যোগ্য ও প্রকৃত সুবিধাভোগীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করার আহ্বান জানিয়েছেন।
