দিল্লিতে ফের ইন্টারনেট বন্ধ, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ
প্রতিনিধি
আন্তর্জাতিক ডেস্ক:

দিল্লিতে ফের ইন্টারনেট বন্ধ, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ
ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান আন্দোলনকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যন্তর মন্তরের প্রধান বিক্ষোভস্থল শান্ত থাকলেও সংসদ মার্গ এলাকায় বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকার মোবাইল ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, সংসদ মার্গে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে বিক্ষোভকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
দিল্লি পুলিশ জানিয়েছে, সংঘর্ষে দুইজন সহকারী পুলিশ কমিশনার (এসিপি), একজন পরিদর্শক, একজন প্রধান কনস্টেবল এবং একজন কনস্টেবলসহ মোট পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশের দাবি, পার্ক হোটেল সংলগ্ন এলাকায় কিছু বিক্ষোভকারী উচ্ছৃঙ্খল আচরণ করলে পরিস্থিতির অবনতি ঘটে। একপর্যায়ে একজন পুলিশ সদস্যকে ধাওয়া করে মারধরের ঘটনাও ঘটে বলে অভিযোগ করেছে পুলিশ।
পরিস্থিতি শান্ত করতে আন্দোলনের স্বেচ্ছাসেবকদের সহায়তা নেওয়া হয়। তারা বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং সহিংসতা থেকে বিরত থাকার অনুরোধ করেন। এ সময় লাউডস্পিকারযুক্ত একটি পুলিশ বাসে একজন স্বেচ্ছাসেবককে নিয়ে এলাকায় প্রচার চালানো হয়।
এদিকে নিরাপত্তার স্বার্থে বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৬টা পর্যন্ত যন্তর মন্তরের দেড় কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মোবাইল ইন্টারনেট সেবা সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। সংশ্লিষ্ট টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশ বাস্তবায়নের জন্য বলা হয়েছে।
