ঢাকা, বাংলাদেশ || শনিবার, ২৫ জুলাই, ২০২৬
আন্তর্জাতিক

নিট প্রশ্নফাঁস ইস্যুতে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

প্রতিনিধি

আন্তর্জাতিক ডেস্ক:

২৫ জুলাই, ২০২৬
নিট প্রশ্নফাঁস ইস্যুতে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

নিট প্রশ্নফাঁস ইস্যুতে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। দীর্ঘদিন ধরে মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নফাঁসের অভিযোগ, শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবি এবং দেশজুড়ে চলমান আন্দোলনের মুখে শনিবার তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠানোর ঘোষণা দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত এক বার্তায় ধর্মেন্দ্র প্রধান জানান, দেশের বর্তমান পরিস্থিতি, শিক্ষার্থীদের ভবিষ্যৎ, জাতীয় ঐক্য এবং চলমান অস্থিরতাকে বিবেচনায় নিয়েই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, কোনো রাষ্ট্রবিরোধী শক্তি যেন পরিস্থিতির সুযোগ নিতে না পারে এবং শিক্ষার্থীদের শিক্ষা ও ক্যারিয়ার যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়গুলো মাথায় রেখেই তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, নিট প্রশ্নফাঁসের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই তিনি রাজনৈতিক ও প্রশাসনিক দায়িত্ব স্বীকার করেছিলেন। তার দাবি, পরীক্ষা জালিয়াতির সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার কাজ করেছে এবং কোনো মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হতে না দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে এ সময় কিছু দায়িত্বশীল ব্যক্তি শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

গত প্রায় এক মাস ধরে দিল্লির যন্তর-মন্তরে শিক্ষা সংস্কার ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন চলছিল। ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামের একটি সংগঠনের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলনে বিভিন্ন প্রান্তের শিক্ষার্থী ও তরুণরা অংশ নেন। একই সঙ্গে দিল্লি, কলকাতাসহ ভারতের বিভিন্ন শহরে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক অনশন শুরু করেছিলেন। ২৬ দিন অনশন চালানোর পর তিনি সম্প্রতি তা প্রত্যাহার করেন। আন্দোলনের সময় যন্তর-মন্তর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

বিরোধী দল কংগ্রেসসহ একাধিক রাজনৈতিক দল শুরু থেকেই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে আসছিল। লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী অভিযোগ করেন, শুধু মন্ত্রী বদল করলেই সমস্যার সমাধান হবে না; প্রশ্নফাঁসের জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি সরকারের শিক্ষা নীতিরও সমালোচনা করেন।

অন্যদিকে, আন্দোলনকারী সংগঠন সিজেপি শিক্ষামন্ত্রীর পদত্যাগকে তাদের আন্দোলনের একটি বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছে। সংগঠনের নেতারা বলেছেন, শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলেই সরকার এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

ধর্মেন্দ্র প্রধান ২০২১ সাল থেকে ভারতের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই বিজেপি নেতা দীর্ঘদিন ধরে দলের কেন্দ্রীয় নেতৃত্বের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তাঁর পদত্যাগের পর নতুন শিক্ষামন্ত্রী হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি।

শেয়ার করুন

নিট প্রশ্নফাঁস ইস্যুতে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ | সীমান্তের খবর