ঢাকা, বাংলাদেশ || রবিবার, ২৬ জুলাই, ২০২৬
স্বাস্থ্য

পাউরুটিতে ক্যান্সারের ঝুঁকি: বিষাক্ত পটাশিয়াম ব্রোমেট বন্ধে হাইকোর্টে রিট

প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক:

২৬ জুলাই, ২০২৬
পাউরুটিতে ক্যান্সারের ঝুঁকি: বিষাক্ত পটাশিয়াম ব্রোমেট বন্ধে হাইকোর্টে রিট

পাউরুটিতে ক্যান্সারের ঝুঁকি: বিষাক্ত পটাশিয়াম ব্রোমেট বন্ধে হাইকোর্টে রিট

পাউরুটি উৎপাদনে ক্যান্সারের ঝুঁকিপূর্ণ রাসায়নিক পটাশিয়াম ব্রোমেট (Potassium Bromate) ব্যবহার বন্ধ এবং বাজারে বিক্রি হওয়া প্রতিটি পাউরুটির প্যাকেটে ‘পটাশিয়াম ব্রোমেট ব্যবহার করা হয়নি’ এমন ঘোষণা বাধ্যতামূলক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে পাউরুটি উৎপাদনে ব্যবহৃত সব উপকরণের নাম প্যাকেটের গায়ে স্পষ্টভাবে উল্লেখ করার নির্দেশনাও চাওয়া হয়েছে।

রবিবার (২৬ জুলাই) মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশন (এমএইচআরজিএফ)-এর চেয়ারম্যান কবীর আলমগীরের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়।

রিটে খাদ্য সচিব, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ অটো বিস্কুট অ্যান্ড ব্রেড ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের সভাপতি এবং প্রাণ ফুড, নাবিস্কো, ডেনিস ফুড, মেঘনা গ্রুপের ফ্রেশ ব্র্যান্ড, আকিজ ফুড ও হক ফুডসহ কয়েকটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, বাংলাদেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পাউরুটি উৎপাদনে পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার সম্পূর্ণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বাজারজাতের সময় প্যাকেটে পটাশিয়াম ব্রোমেট ব্যবহার না করার ঘোষণা বাধ্যতামূলক করা এবং উৎপাদনে ব্যবহৃত উপাদানের পূর্ণাঙ্গ তালিকা উল্লেখ নিশ্চিত করা প্রয়োজন।

রিটকারী সংগঠনের চেয়ারম্যান কবীর আলমগীর বলেন, সম্প্রতি ‘পাউরুটিতে মিলছে ক্যান্সারের উপাদান’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং আন্তর্জাতিক গবেষণা জার্নালে প্রকাশিত তথ্যের ভিত্তিতেই জনস্বার্থে এ রিট করা হয়েছে। তার ভাষ্য, বিশ্বের বহু দেশে বহু আগেই এই রাসায়নিক নিষিদ্ধ হলেও বাংলাদেশে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এর ব্যবহার পুরোপুরি বন্ধ হয়নি বলে আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা, চীন, ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডসহ বিশ্বের প্রায় ৪০টি দেশে পটাশিয়াম ব্রোমেট নিষিদ্ধ। প্রতিবেশী ভারতও ২০১৬ সাল থেকেই এ রাসায়নিকের ব্যবহার বন্ধ করেছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ২০২২ সালে খাদ্যপণ্যে এর ব্যবহার নিষিদ্ধ করলেও বাস্তবে কার্যকর নজরদারির অভাবে কিছু ক্ষেত্রে এটি ব্যবহারের অভিযোগ পাওয়া যাচ্ছে। মানুষের স্বাস্থ্য সুরক্ষায় দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

রিট আবেদনে দেশের জনস্বাস্থ্যের উদ্বেগজনক চিত্রও তুলে ধরা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, ভেজাল ও অনিরাপদ খাদ্যের কারণে প্রায় ৪৫ লাখ মানুষ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। দেশে প্রতি বছর প্রায় ১ লাখ ৬৭ হাজার মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হন এবং ১ লাখ ১৭ হাজার মানুষের মৃত্যু হয় এই রোগে। বর্তমানে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৩ লাখ ৪৬ হাজার। এছাড়া প্রায় ১৬ শতাংশ মানুষ কিডনি জটিলতায় ভুগছেন। রিটকারীর দাবি, খাদ্যে ক্ষতিকর রাসায়নিকের অনিয়ন্ত্রিত ব্যবহার এসব ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে।

রিটকারী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল বলেন, ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে বহু পরিবার সর্বস্বান্ত হয়ে পড়ছে। অনেকেই জমি-জমা ও সহায়-সম্বল বিক্রি করে চিকিৎসা চালাতে বাধ্য হচ্ছেন। তাই খাদ্যের মাধ্যমে যাতে কোনো ক্যান্সার সৃষ্টিকারী উপাদান মানুষের শরীরে প্রবেশ করতে না পারে, সে জন্য আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

তিনি জানান, চলতি সপ্তাহের যেকোনো দিন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসান-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হতে পারে।

রিট আবেদনে ২০২১ সালের একটি পরীক্ষার ফলাফলও উল্লেখ করা হয়েছে। সে সময় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা ১৯টি পাউরুটির নমুনা পরীক্ষা করে ১৬টিতে (প্রায় ৮৪ শতাংশ) অনুমোদিত মাত্রার চেয়ে বেশি পটাশিয়াম ব্রোমেট পাওয়া যায়। পরীক্ষায় এসব পাউরুটিতে ৩ দশমিক ৩১ থেকে ১২ দশমিক ৯১ পিপিএম (পার্টস পার মিলিয়ন) পর্যন্ত পটাশিয়াম ব্রোমেটের উপস্থিতি ধরা পড়ে।

ওই পরীক্ষার ফলাফলের পর বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রুটি, পাউরুটি ও অন্যান্য বেকারি পণ্যে পটাশিয়াম ব্রোমেট (KBrO₃) এবং পটাশিয়াম আয়োডেট (KIO₃)-এর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে। একই সঙ্গে সব বেকারি ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে এসব রাসায়নিক ব্যবহার অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পটাশিয়াম ব্রোমেট একটি সম্ভাব্য ক্যান্সার সৃষ্টিকারী (Class 2B Carcinogen) রাসায়নিক। এটি থাইরয়েডের সমস্যা সৃষ্টি করতে পারে, জিনগত পরিবর্তন বা মিউটেশন ঘটানোর ঝুঁকি রয়েছে। এছাড়া ডায়রিয়া, বমিভাব, পেটের ব্যথাসহ বিভিন্ন শারীরিক জটিলতার কারণ হতে পারে। জনস্বাস্থ্য রক্ষায় এ রাসায়নিকের ব্যবহার বন্ধে কার্যকর তদারকি ও আইন প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

পাউরুটিতে ক্যান্সারের ঝুঁকি: বিষাক্ত পটাশিয়াম ব্রোমেট বন্ধে হাইকোর্টে রিট | সীমান্তের খবর