ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ

লম্বা গোঁফ ও চুল কেটে পালানোর চেষ্টা, যশোরে আটক চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তিন সহযোগী

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

২৯ জুলাই, ২০২৬
লম্বা গোঁফ ও চুল কেটে পালানোর চেষ্টা, যশোরে আটক চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তিন সহযোগী

চট্টগ্রামের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গে থাকা আরও তিন সহযোগীকেও আটক করা হয়।

চট্টগ্রামের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গে থাকা আরও তিন সহযোগীকেও আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে বুধবার (২৯ জুলাই) সকালে তাকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, ডেভিড ইমন ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন-এমন গোপন তথ্যের ভিত্তিতে যশোর পুলিশের একটি বিশেষ দল অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলামের নেতৃত্বে যশোর-নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকায় অবস্থান নেয়। বুধবার ভোর রাতে একটি কালো রঙের প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ইমনকে শনাক্ত করা হয়। এ সময় গাড়িতে থাকা তার আরও তিন সহযোগীকেও আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার এড়াতে নিজের পরিচিত গোঁফ কেটে ফেলেছিলেন ডেভিড ইমন। ফলে প্রথমে তাকে শনাক্ত করতে কিছুটা বেগ পেতে হয়। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি নিজের পরিচয় স্বীকার করেন।

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বুধবার সকালে তাকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে চট্টগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার মাসুদ আলম জানান, ডেভিড ইমন ও তার অন্যতম সহযোগী রায়হানকে ধরতে দীর্ঘদিন ধরে একাধিক টিম কাজ করছিল। সেই অভিযানের ধারাবাহিকতায় যশোর থেকে ইমনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। একই সময়ে নোয়াখালীতে পরিচালিত আরেক অভিযানে রায়হান অল্পের জন্য পালিয়ে গেলেও তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে। পুরো অভিযানের বিস্তারিত জানাতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে বলেও জানান তিনি।

পুলিশের তথ্য অনুযায়ী, ডেভিড ইমনের বিরুদ্ধে জোড়া খুন, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে কোটি কোটি টাকা চাঁদা দাবিতে সশস্ত্র হামলা, অস্ত্র প্রদর্শন, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

এর আগে গত ২৬ জুলাই রাতে চট্টগ্রাম নগরের অক্সিজেন-কুয়াইশ সড়কের ওয়াজেদিয়া এলাকা থেকে ডেভিড ইমনের দুই ঘনিষ্ঠ সহযোগী আসিফ (২৫) ও সাইদুল ইসলাম ওরফে আরিফকে (২৪) একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই সহযোগী ডেভিড ইমনের হয়ে অস্ত্র প্রদর্শন, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, ডেভিড ইমনকে গ্রেপ্তারের মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলের একাধিক সন্ত্রাসী চক্র, চাঁদাবাজ সিন্ডিকেট এবং তাদের নেপথ্যের কর্মকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটিত হতে পারে।

শেয়ার করুন

লম্বা গোঁফ ও চুল কেটে পালানোর চেষ্টা, যশোরে আটক চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তিন সহযোগী | সীমান্তের খবর