একাদশে ভর্তির নতুন খসড়া: আবেদন ২ থেকে ১০ সেপ্টেম্বর, ক্লাস শুরু ২৩ সেপ্টেম্বর
প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক:

একাদশে ভর্তির নতুন খসড়া: আবেদন ২ থেকে ১০ সেপ্টেম্বর, ক্লাস শুরু ২৩ সেপ্টেম্বর
চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির খসড়া নীতিমালা প্রস্তুত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। অনুমোদনের জন্য খসড়াটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যাচাই-বাছাই শেষে মন্ত্রণালয় চূড়ান্ত নীতিমালা জারি করবে।
খসড়া নীতিমালা অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তি কার্যক্রম শেষে ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে।
আবেদন করতে হবে ২ থেকে ১০ সেপ্টেম্বর
নির্ধারিত সময়ের মধ্যে একাদশে ভর্তিচ্ছু সব শিক্ষার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। এসএসসি ও সমমানের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদেরও এই সময়ের মধ্যেই একাদশে ভর্তির আবেদন করতে হবে।
পুনর্নিরীক্ষণে ফল বদলালে নতুন সুযোগ
পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে, তারা ১২ ও ১৩ সেপ্টেম্বর নতুন করে আবেদন করার সুযোগ পাবে। আবেদন যাচাই-বাছাই শেষে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ক্লাস শুরু ২৩ সেপ্টেম্বর
ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু করার পরিকল্পনা করা হয়েছে।
নির্ধারিত সময়ে কোনো কলেজ বা মাদরাসায় ভর্তি হতে না পারা, পছন্দের প্রতিষ্ঠান না পাওয়া কিংবা কোনো কারণে আবেদন করতে না পারা শিক্ষার্থীদের জন্য পরবর্তী সময়ে আবেদনের সুযোগও রাখা হচ্ছে।
পুনর্নিরীক্ষণে প্রায় ১৩ লাখ আবেদন
এবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ৪ লাখের বেশি পরীক্ষার্থী মোট ১২ লাখ ৮৭ হাজার ৯৫৬টি আবেদন করেছে। এর মধ্যে তত্ত্বীয় পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন ১০ লাখ ৫৬ হাজারের বেশি। ব্যবহারিক পরীক্ষার খাতার জন্য আবেদন পড়েছে ২ লাখ ৩১ হাজারের বেশি।
একাদশে ভর্তিতে মাইগ্রেশনের সুযোগ
গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডে এবার মোট পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন। উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। অর্থাৎ প্রায় ৭ লাখ পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি।
এবারও একাদশে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের পছন্দ পরিবর্তন ও মাইগ্রেশনের সুযোগ থাকবে বলে খসড়া নীতিমালায় উল্লেখ করা হয়েছে।
আসন প্রায় ২৫ লাখ, খালি থাকতে পারে অর্ধেকের বেশি
দেশের কলেজ ও মাদরাসা মিলিয়ে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় ২৫ লাখ। ফলে এবার মোট আসনের অর্ধেকের বেশি খালি থাকার সম্ভাবনা রয়েছে।
তবে আসন বেশি থাকলেও জিপিএ-৫ পাওয়া সব শিক্ষার্থী পছন্দের প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না। কারণ তুলনামূলক ভালো ও জনপ্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আসনসংখ্যা সীমিত।
এবার ১১টি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজারের বেশি শিক্ষার্থী। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন।
