ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সারাদেশ

হাতকড়া পরা অবস্থায় পুলিশের হেফাজত থেকে পালালেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু ছিদ্দিক

প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক:

হাতকড়া পরা অবস্থায় পুলিশের হেফাজত থেকে পালালেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু ছিদ্দিক

চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশের হেফাজত থেকে হাতকড়া পরা অবস্থায় আবু ছিদ্দিক (৭৫) নামে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশের হেফাজত থেকে হাতকড়া পরা অবস্থায় আবু ছিদ্দিক (৭৫) নামে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে দর্শনা থানার চন্ডিপুর গ্রামে গ্রেপ্তারের পর স্বজনদের বাধার মধ্যে সুযোগ নিয়ে তিনি দৌড়ে পালিয়ে যান। এ সময় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। নারীসহ ৪জনকে আটক করা হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পলাতক আবু ছিদ্দিক দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত উম্বাদ আলীর ছেলে।

পুলিশের দাবি, তিনি ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য। তার বিরুদ্ধে একটি পুরোনো নাশকতা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মামলায় পরোয়ানাভুক্ত আসামি আবু ছিদ্দিককে গ্রেপ্তারে বুধবার রাতে দর্শনা থানার একটি দল চন্ডিপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে তাকে গ্রেপ্তারের পর হাতে হাতকড়া পরানো হয়। এ সময় তার আত্মীয়-স্বজনসহ কয়েকজন পুলিশকে বাধা দেন। একপর্যায়ে সৃষ্ট পরিস্থিতির সুযোগ নিয়ে হাতকড়া পরা অবস্থাতেই আবু ছিদ্দিক দৌড়ে পালিয়ে যান। তাকে ধরতে গিয়ে পুলিশের দুই সদস্য আহত হন।

ঘটনার পর পলাতক আসামিকে গ্রেপ্তারে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান শুরু করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় তল্লাশি ও নজরদারি জোরদার করা হয়েছে। একই ঘটনায় জড়িত সন্দেহে নারীসহ চারজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

আটকরা হলেন-চন্ডিপুর হালদারপাড়ার রবি হালদারের ছেলে লক্ষ্মণ, সেলিমের ছেলে ফিরোজ, সঞ্জয় কুমারের স্ত্রী কণা এবং সঞ্জিতের স্ত্রী সোনালী।

দামুড়হুদা-জীবননগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুরুল্লাহ বলেন, আবু ছিদ্দিককে গ্রেপ্তারের সময় তার পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

দর্শনা থানার ওসি (তদন্ত) মুখলেসুর রহমান বলেন, পুলিশের হেফাজত থেকে একজন আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

হাতকড়া পরা অবস্থায় পুলিশের হেফাজত থেকে পালালেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু ছিদ্দিক | সীমান্তের খবর