লেবুর কলম তৈরি করে সফল ডুমুরিয়ার নিউটন মন্ডল, কৃষিতে নতুন দৃষ্টান্ত
প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক:

উন্নত জাতের লেবুর গুটি কলম ও চারা উৎপাদন করে সাফল্য অর্জন করেছেন খুলনার ডুমুরিয়া উপজেলার কৃষি উদ্যোক্তা নিউটন মন্ডল।
উন্নত জাতের লেবুর গুটি কলম ও চারা উৎপাদন করে সাফল্য অর্জন করেছেন খুলনার ডুমুরিয়া উপজেলার কৃষি উদ্যোক্তা নিউটন মন্ডল। ইতিপূর্বে পানি কচু চাষ করে সাড়া ফেললেও, বর্তমানে তিনি পুরোপুরি মনোনিবেশ করেছেন লেবুর কলম তৈরিতে। তাঁর উৎপাদিত চারার গুণগত মান ভালো হওয়ায় বাজারে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে, যা তাঁকে এনে দিয়েছে অর্থনৈতিক স্বাবলম্বিতা।
বাজারে বছরজুড়েই লেবুর চাহিদা ও ভালো দাম রয়েছে-এই বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগিয়েই নিউটন মন্ডল লেবুর কলম তৈরিতে আত্মনিয়োগ করেন। মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি মানসম্মত গুটি কলম তৈরি শুরু করেন। বর্তমানে তাঁর তৈরিকৃত চারা ডুমুরিয়াসহ আশপাশের উপজেলার কৃষকদের কাছে বিশ্বস্ত হয়ে উঠেছে।
নিজের সাফল্য নিয়ে নিউটন মন্ডল বলেন, “কৃষিকে লাভজনক করতে আমি লেবুর গুটি কলম উৎপাদন শুরু করি। সঠিক পদ্ধতি মেনে চারা তৈরি করায় বাজারে এর ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। প্রতিদিন অনেক কৃষক চারা কিনতে আসছেন। সঠিক সময়ে কলম বাঁধতে পারলে অল্প জমিতেই কম খরচে বিপুল পরিমাণ আয় করা সম্ভব।”
নিউটন মন্ডলের এই উদ্ভাবনী কাজকে প্রশংসার সাথে দেখছে স্থানীয় কৃষি বিভাগ। ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা বলেন, “নিউটন মন্ডল একজন অত্যন্ত পরিশ্রমী কৃষক। মানসম্মত লেবুর চারা তৈরি করে তিনি যেমন নিজে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছেন, তেমনি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখছেন। ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে তাঁকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে।”
কৃষিবিদদের মতে, ডুমুরিয়ার অনাবাদি বা পতিত জমিগুলোকে কাজে লাগিয়ে এভাবে লেবুর গুটি কলম ও চারা উৎপাদন করা গেলে বহু বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হবে। সঠিক দিকনির্দেশনা আর অধ্যবসায় থাকলে লেবুর কলম তৈরির মতো লাভজনক উদ্যোগ দিয়ে ভাগ্যের আমূল পরিবর্তন ঘটানো সম্ভব।
