স্বর্ণ উদ্ধারের সাফল্যে শার্শা থানার দুই এএসআই পেলেন ডিআইজির পুরস্কার
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

স্বর্ণ উদ্ধারের সাফল্যে শার্শা থানার দুই এএসআই পেলেন ডিআইজির পুরস্কার
স্বর্ণ পাচারবিরোধী বিশেষ অভিযানে ১৮টি স্বর্ণের বার ও একটি মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে আটকের ঘটনায় পেশাদারিত্ব ও দক্ষতার স্বীকৃতি হিসেবে খুলনা রেঞ্জের ডিআইজির বিশেষ পুরস্কার পেয়েছেন যশোরের শার্শা থানার দুই সহকারী উপপরিদর্শক (এএসআই) লাভলু মিয়া ও এএসআই ফারুক হোসাইন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে শার্শা থানার খাজুরা এলাকায় বিশেষ অভিযান চালান ওই দুই পুলিশ কর্মকর্তা। এ সময় দক্ষিণ বুরুজবাগান গ্রামের প্রাইম ব্রিকস নামের ইটভাটা-সংলগ্ন নাভারণ-সাতক্ষীরাগামী পাকা সড়ক থেকে ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেলসহ আলাউদ্দীন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
এ অভিযানে দক্ষতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ায় খুলনা রেঞ্জের ডিআইজি মো রেজাউল করিম দুই পুলিশ সদস্যকে অভিনন্দন জানান এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিশেষ পুরস্কার প্রদান করেন।
২৬ অক্টোবর, ডিআইজির পক্ষে পুরস্কার হস্তান্তর করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
পুলিশের এ উদ্যোগ দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে অন্য সদস্যদেরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
