যশোর বোর্ডের এসএসসি পরীক্ষা এবার সিসিটিভি মনিটরিংয়ে
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

যশোর বোর্ডের এসএসসি পরীক্ষা এবার সিসিটিভি মনিটরিংয়ে, ক্যামেরা না থাকলে কেন্দ্র বাতিল
আসন্ন ২১ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া যশোর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা প্রথমবারের মতো সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের জন্য প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে।
বোর্ড সূত্রে জানা যায়, চলতি বছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে মোট ২৯৯টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে প্রতিষ্ঠান প্রধানদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন করা হবে না, সেসব প্রতিষ্ঠানের পরীক্ষা কেন্দ্র বাতিল করা হতে পারে। এছাড়া ক্যামেরায় ধারণকৃত ভিডিও রেকর্ড প্রতি সাত দিন অন্তর পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠাতে হবে।
এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন জানান, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। যারা এ নির্দেশনা মানবে না, তাদের কেন্দ্রে পরীক্ষা নেওয়ার প্রয়োজন হবে না।
এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা বোর্ডের আওতাধীন ১০ জেলার জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট উপজেলা চেয়ারম্যানদেরও অবহিত করা হয়েছে।
