যশোরে ৬ কোটি টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

যশোরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে প্রায় ৬ কোটি ৬২ লাখ টাকার ডায়মন্ড (হীরক) ও বিভিন্ন বিদেশি মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
যশোরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে প্রায় ৬ কোটি ৬২ লাখ টাকার ডায়মন্ড (হীরক) ও বিভিন্ন বিদেশি মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্র জানায়, বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল যশোর-ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় আনুমানিক ১৫৫.৭৬ গ্রাম ওজনের ডায়মন্ডসহ ভারতের সুজাউদ্দিন (৫২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি ভারতের তামিলনাড়ুর অধিবাসী আবু বক্করের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি ঢাকা থেকে ডায়মন্ড সংগ্রহ করে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এসব ডায়মন্ড কলকাতায় এক অজ্ঞাত ব্যক্তির কাছে হস্তান্তরের কথা ছিল। তিনি আরও জানান, গত এক মাসে তিনি থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ ও ভারতের মধ্যে একাধিকবার যাতায়াত করেছেন।
উদ্ধারকৃত ডায়মন্ড যশোরের ‘ডায়মন্ড ওয়ার্ল্ড’-এর প্রতিনিধির মাধ্যমে প্রাথমিকভাবে পরীক্ষা করে আসল ডায়মন্ড হিসেবে শনাক্ত করা হয়েছে।
বিজিবি জানায়, জব্দকৃত ডায়মন্ডের আনুমানিক মূল্য ৬ কোটি ৬১ লাখ ৩৯ হাজার ৫৯০ টাকা। এছাড়া তার কাছ থেকে বাংলাদেশি ৫,৫৩০ টাকা, ৫,৮৮০ ভারতীয় রুপি (মূল্য ৭,৭৬১ টাকা), ৫৫০ মার্কিন ডলার (মূল্য ৬৭,৬৫০ টাকা), ২০০ থাই বাথ (মূল্য ৭৫০ টাকা), একটি মোবাইল ফোন ও একটি ডিজিটাল ঘড়ি উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য প্রায় ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা।
আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত ডায়মন্ড ও বিদেশি মুদ্রা যশোর ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
