কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা চালু করতে পারে ভারত
প্রতিনিধি
সীমান্তের খবর ডেস্ক:

প্রতীকী ছবি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা পুনরায় চালুর পরিকল্পনা করছে ভারত।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা পুনরায় চালুর পরিকল্পনা করছে ভারত। শনিবার (২ মে) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে ঢাকা ও দিল্লির সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের অংশ হিসেবে উভয় দেশ পূর্ণাঙ্গ ভিসা সেবা চালুর দিকে এগোচ্ছে। বাংলাদেশ ইতোমধ্যে ভারতীয় নাগরিকদের জন্য সব ক্যাটাগরির ভিসা প্রদান শুরু করেছে। এর প্রেক্ষিতে ভারতও দ্রুত একই পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
খবরে উল্লেখ করা হয়, গত মাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরে ভিসা ইস্যুটি গুরুত্ব পায়। তিনি ভারতকে অনুরোধ করেন, বাংলাদেশ যেহেতু ভারতীয়দের সব ধরনের ভিসা দিচ্ছে, তাই ভারতও যেন দ্রুত বাংলাদেশিদের জন্য একই সুবিধা চালু করে।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে বাংলাদেশি হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানান, গত বছরের ডিসেম্বরে কিছু ভিসা কেন্দ্রে সেবা বন্ধ থাকলেও চলতি বছরের ফেব্রুয়ারিতে সেগুলো আবার চালু হয়েছে।
ভারতের সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নিরাপত্তা উদ্বেগের কারণে গত বছর বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম সীমিত করা হয়েছিল। তবে পুরোপুরি বন্ধ করা হয়নি; জরুরি প্রয়োজনে চিকিৎসা ও পারিবারিক ভিসা প্রদান অব্যাহত ছিল। বর্তমানে ধাপে ধাপে পূর্ণ ভিসা কার্যক্রম পুনরায় চালুর চেষ্টা চলছে।
প্রতিবেদনে আরও বলা হয়, আগামী সময়ে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, জ্বালানি খাত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি বাড়ানোর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উচ্চপর্যায়ের বৈঠকেরও আভাস দিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এদিকে, শিগগিরই ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। তার দায়িত্ব গ্রহণের পর ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হওয়ার গতি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
