বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফকে জমি হস্তান্তর পশ্চিমবঙ্গ সরকারের
প্রতিনিধি
সীমান্তের খবর ডেস্ক:

বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে ২৭ কিলোমিটার এলাকায় জমি হস্তান্তর করেছে পশ্চিমবঙ্গ সরকার।
বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে ২৭ কিলোমিটার এলাকায় জমি হস্তান্তর করেছে পশ্চিমবঙ্গ সরকার। বুধবার (২০ মে) রাজ্য সচিবালয় নবান্নে বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সরকারি সূত্রে জানা গেছে, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ও অবকাঠামো উন্নয়নের জন্য সরকারি খাস জমির পাশাপাশি ব্যক্তিমালিকানাধীন জমিও অধিগ্রহণ করা হয়েছে। ৯টি জেলার বিভিন্ন এলাকায় প্রায় ৩২ একর সরকারি জমি এবং ৫টি জেলায় প্রায় ৪৩ একর ব্যক্তিগত জমি এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। জমি অধিগ্রহণ ও সংশ্লিষ্ট ব্যয়ের পুরো অর্থ বহন করবে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাজ্যের সঙ্গে বাংলাদেশের প্রায় ২ হাজার ২০০ কিলোমিটার সীমান্তের মধ্যে প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটারে ইতোমধ্যে কাঁটাতারের বেড়া রয়েছে। বাকি অংশেও ধাপে ধাপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
এদিকে, বৈঠক শেষে কেন্দ্রীয় সরকারের নাগরিক সংশোধনী আইন (সিএএ) বাস্তবায়নের বিষয়েও বক্তব্য দেওয়া হয়। সরকার জানায়, আইনের আওতার বাইরে থাকা অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের শনাক্ত করে বিএসএফের কাছে হস্তান্তর এবং পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে বলেও জানানো হয়েছে।
এসময় সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অপরাধ ও নারী নির্যাতনের ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। রাজ্য সরকারের দাবি, সীমান্ত নিরাপত্তা জোরদার করা গেলে এসব অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে।
