ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২৫ মে, ২০২৬
সারাদেশ

বেনাপোলে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র বিশাল গুরুতর আহত

প্রতিনিধি

ফিরোজ আলম :

২৫ মে, ২০২৬
বেনাপোলে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র বিশাল গুরুতর আহত

বেনাপোল স্থলবন্দরের সামনে সড়ক দুর্ঘটনায় বিশাল হোসেন (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

যশোরের বেনাপোল স্থলবন্দরের সামনে সড়ক দুর্ঘটনায় বিশাল হোসেন (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৩ মে) দুপুর ১২টার দিকে বন্দরের ১ নম্বর গেটের বিপরীতে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত বিশাল বেনাপোল পোর্ট থানার নামাজগ্রাম এলাকার বাসিন্দা ও বিশাল ট্রান্সপোর্ট এজেন্সির স্বত্বাধিকারী সাংবাদিক সাইদুল ইসলামের ছেলে। তিনি যশোর আব্দুর রাজ্জাক কলেজের এইচএসসি শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশাল তার এক বন্ধু রোহানকে নিয়ে মোটরসাইকেলে করে বেনাপোল বাজারের একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফিরছিলেন। পথে বেনাপোল বন্দরের ১ নম্বর গেট এলাকায় পৌঁছালে সড়কে থাকা কয়েকটি ভ্যানগাড়ির কারণে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ভ্যানের অ্যাক্সেলে মাথায় গুরুতর আঘাত পান তিনি।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাভারণে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

একইসাথে বিশালের সাথে থাকা মোটরসাইকেল আরোহী নামাজগ্রামের রব্বানীর ছেলে রোহানও গুরুতর আহত হয়েছে। তাকে নাভারণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে চিকিৎসাধীন রাখা হয়েছে।

বিশালের বাবা সাংবাদিক সাইদুর রহমান জানান, এখনও তার ছেলে বিশালের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। তিনি তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

শেয়ার করুন

বেনাপোলে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র বিশাল গুরুতর আহত | সীমান্তের খবর