ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
সারাদেশ

যশোরে শীর্ষ সন্ত্রাসী অনিক হাসান অনি ও তার সহযোগী অস্ত্র-গুলিসহ গ্রেফতার

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

২৬ মে, ২০২৬
যশোরে শীর্ষ সন্ত্রাসী অনিক হাসান অনি ও তার সহযোগী অস্ত্র-গুলিসহ গ্রেফতার

যশোরে শীর্ষ সন্ত্রাসী অনিক হাসান অনি ও তার সহযোগী অস্ত্র-গুলিসহ গ্রেফতার

যশোরের শংকরপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী, হত্যা, অস্ত্র, মাদক ও চাঁদাবাজি মামলার আসামি অনিক হাসান ওরফে অনিকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার সহযোগী তানভির আহম্মেদকেও আটক করা হয়।

সোমবার (২৫ মে) সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে কোতয়ালী মডেল থানাধীন যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শংকরপুর বাবলাতলা এলাকার একটি মাছের হ্যাচারির টংঘরের সামনে ভেড়িবাঁধ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার অনিক হাসান অনি শংকরপুর নাজিরপাড়া এলাকার আলতাফ হোসেন আলতুর ছেলে। তানভির আহম্মেদ চাঁচড়া রায়পাড়া ৬ নম্বর ওয়ার্ড এলাকার তরিকুল ইসলামের ছেলে।

ডিবি সূত্র জানায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (চলতি দায়িত্ব) সুজন কুমার মণ্ডলের নেতৃত্বে এসআই কামরুজ্জামান, এসআই কামাল হোসেন, এসআই বাবলা দাসসহ একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে অনিক হাসান অনি (২৮) ও তানভির আহম্মেদকে (২৫) আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে অনিক তার কাছে অস্ত্র ও গুলি থাকার কথা স্বীকার করে। উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়া তানভিরের পরিহিত প্যান্টের পকেট থেকে একটি ফোল্ডিং বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

গ্রেফতার অনিক হাসান অনি যশোরের শংকরপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ মোট ১৭টি মামলা রয়েছে। এছাড়া সাতটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিচারাধীন রয়েছে। অপরদিকে তানভির আহম্মেদের বিরুদ্ধে একটি চুরির মামলার তথ্য পাওয়া গেছে।

ডিবি পুলিশ জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন