ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
জাতীয়

বাড়ি ফেরা হলো না, ঈদের পথেই নিভে গেল এক পরিবারের তিন প্রাণ

প্রতিনিধি

সীমান্তের খবর ডেস্ক:

২৬ মে, ২০২৬
বাড়ি ফেরা হলো না, ঈদের পথেই নিভে গেল এক পরিবারের তিন প্রাণ

বাড়ি ফেরা হলো না, ঈদের পথেই নিভে গেল এক পরিবারের তিন প্রাণ

ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা থেকে গ্রামের বাড়ির পথে রওনা দিয়েছিলেন ফিরোজ মাহমুদ। সঙ্গে ছিলেন জীবনসঙ্গী মনিয়া বেগম আর ছোট্ট শিশু কন্যা জান্নাত। স্বজনদের সঙ্গে ঈদের হাসি ভাগাভাগি করার সেই যাত্রাই শেষ হয়ে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। বাড়িতে পৌঁছানোর আগেই ঝরে গেল একই পরিবারের তিনটি প্রাণ।

মঙ্গলবার (২৬ মে) দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোড় এলাকায় হৃদয়বিদারক এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফিরোজ মাহমুদ বরিশালের উজিরপুর উপজেলা সদরের বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে। দুর্ঘটনায় তার স্ত্রী মনিয়া বেগম ও একমাত্র শিশু সন্তান জান্নাতও প্রাণ হারায়। একসঙ্গে বাবা-মা ও শিশুসন্তানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, মোটরসাইকেলে স্ত্রী ও সন্তানকে নিয়ে ঢাকা থেকে উজিরপুরে ঈদ করতে ফিরছিলেন ফিরোজ। পথে যানজটের কারণে বাটাজোড় বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলটি থামানো ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতির বরিশালগামী তাজ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান ফিরোজ, তার স্ত্রী ও ছোট্ট সন্তান।

এ দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা তাজ পরিবহনের বাসটি ভাঙচুর করে। এতে কিছু সময়ের জন্য ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনার পর বাসচালক ও তার সহকারী পালিয়ে যায়।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

শেয়ার করুন