যশোরের ঝিকরগাছায় আহাজারি- প্রবাসফেরত ছেলেকে আনতে গিয়ে সড়কে ঝরে গেল মা, দুই ভাই-বোনসহ ৫ প্রাণ
প্রতিনিধি
ইয়ানুর রহমান :

যশোরের ঝিকরগাছায় আহাজারি- প্রবাসফেরত ছেলেকে আনতে গিয়ে সড়কে ঝরে গেল মা, দুই ভাই-বোনসহ ৫ প্রাণ
ঈদের আনন্দ ভাগাভাগি করতে দীর্ঘ ছয় বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরছিলেন আরিফুল ইসলাম। প্রিয় সন্তানের দেশে ফেরাকে ঘিরে পরিবারের সবার মধ্যে ছিল উৎসবের আমেজ। তাকে বরণ করে আনতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন মা, ভাই, বোন, ভাগনা-ভাগনিসহ স্বজনরা। কিন্তু আনন্দের সেই যাত্রা মুহূর্তেই পরিণত হয় শোকের মিছিলে। বাড়ি ফেরার পথেই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান একই পরিবারের চার সদস্যসহ পাঁচজন।
সোমবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালীগ্রাম ফ্লাইওভার এলাকায় গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের খোসালনগর গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামের স্ত্রী নুরজাহান বেগম (৫০), মালয়েশিয়াপ্রবাসী ছেলে আরিফুল ইসলাম (২৮), ছোট ছেলে রাকিবুল ইসলাম (১৫), মেয়ে আয়েশা বেগম (৩৫) এবং প্রাইভেটকারের চালক মনিরামপুর উপজেলার গৌরীপুর গ্রামের জাহিদ শেখ (২৮)। দুর্ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশু, তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন পর দেশে ফিরছিলেন আরিফুল ইসলাম। তাকে স্বাগত জানাতে পরিবারের সদস্যরা বিমানবন্দরে যান। বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশ্যে রওনা হওয়ার পর ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালীগ্রাম ফ্লাইওভার এলাকায় পৌঁছালে তাদের বহনকারী প্রাইভেটকারটি সড়কে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। গুরুতর আহত রাকিবুল ইসলামকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আনিছুর রহমান জানান, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই খোসালনগর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছানোর অপেক্ষায় রয়েছেন স্বজনরা। পুরো এলাকায় চলছে কান্না আর আহাজারি।
স্থানীয়দের ভাষ্য, যে পরিবারটি প্রবাসফেরত সন্তানকে নিয়ে ঈদের আনন্দে মেতে ওঠার প্রস্তুতি নিচ্ছিল, সেই পরিবারের চার সদস্যের একসঙ্গে মৃত্যু সবাইকে স্তব্ধ করে দিয়েছে। খোসালনগরের প্রতিটি বাড়িতে এখন শোকের মাতম।
শিবচর হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
একটি পরিবারের বহুদিনের অপেক্ষা, স্বপ্ন আর ঈদের আনন্দ মুহূর্তেই শেষ হয়ে গেল সড়কের নির্মম বাস্তবতায়। ঝিকরগাছার খোসালনগরে এখন শুধু স্বজন হারানোর কান্না আর না ফেরার দেশে চলে যাওয়া প্রিয়জনদের স্মৃতি।
