শার্শা সীমান্তে ভারতীয় মাদকসহ শেখ তসলিম উদ্দীন ও সোহেল রানা গ্রেফতার
প্রতিনিধি
ফিরোজ আলম :

শার্শা সীমান্তে ভারতীয় মাদকসহ শেখ তসলিম উদ্দীন ও সোহেল রানা গ্রেফতার
যশোরের শার্শা সীমান্তে ৩৮ বোতল ভারতীয় মাদকদ্রব্য এসকাফ সিরাপসহ শেখ তসলিম উদ্দীন (২৩) ও সোহেল রানা (৩০) নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ।
বুধবার (১০ জুন) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে সীমান্তের কাশিপুর বাজারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত শেখ তসলিম উদ্দীন হলেন নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দেবী (উত্তরপাড়া) গ্রামের মৃত শেখ জিল্লুর রহমান জিন্নাহর ছেলে এবং সোহেল রানা যশোর সদর উপজেলার ধর্মতলা এলাকার (বর্তমানে শিশু আদ্-দ্বীন হাসপাতালের পাশের তিন খাম্বার মোড়ে জাহিদের বাড়ির ভাড়াটিয়া) মৃত জামাল বাহাদুরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানার গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এসআই আনিসুর রহমান ও এএসআই জহুরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় কাশিপুর বাজারপাড়ায় মাজিদ নামে এক ব্যক্তির বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে আটককৃতদের তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ৩৮ বোতল ভারতীয় মাদকদ্রব্য এসকাফ সিরাপ জব্দ করা হয়।
এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) টেবিলের ১৪(খ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-০৯, তারিখ ১০ জুন ২০২৬।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বুধবার রাত ১২ টা ১৫ মিনিটের সময় এক প্রেসব্রিফিংয়ে জানিয়েছেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে যশোর আদালতে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
