ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১৩ জুন, ২০২৬
জাতীয়

অষ্টম তলা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যুর ঘটনায় স্বামী মহব্বত এক দিনের রিমান্ডে

প্রতিনিধি

সীমান্তের খবর ডেস্ক:

১৩ জুন, ২০২৬
অষ্টম তলা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যুর ঘটনায় স্বামী মহব্বত এক দিনের রিমান্ডে

অষ্টম তলা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যুর ঘটনায় স্বামী মহব্বত এক দিনের রিমান্ডে-ফাইল ছবি

রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের অষ্টম তলা থেকে পড়ে অভিনেত্রী আসমা আক্তার ঝিলিকের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তার স্বামী সাফি উল্লাহ ওরফে মহব্বতকে (৪৫) এক দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

শনিবার (১৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক (এসআই) কাজী আব্দুল মান্নান আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ওবায়দুল্লাহ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সাফি উল্লাহকে এক দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।

এর আগে শুক্রবার (১২ জুন) দুপুর ২টা ২২ মিনিটের দিকে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের অষ্টম তলার একটি কেবিনের পেছনের খোলা বারান্দার জানালা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু হয়।

এ ঘটনায় শনিবার ঝিলিকের বড় ভাই মোজাম্মেল হক ধানমন্ডি মডেল থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলার পর হাসপাতাল থেকেই ঝিলিকের স্বামী সাফি উল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ জুন ভোরে তীব্র পেটব্যথা নিয়ে সাফি উল্লাহকে প্রথমে গুলিস্তানের ফুলবাড়িয়ায় অবস্থিত সরকারি কর্মচারী হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেওয়ার পর তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে শয্যা খালি না থাকায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের ৮১৩ নম্বর কেবিনে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় স্বামীর দেখাশোনার জন্য ঝিলিক সেখানেই অবস্থান করছিলেন। শুক্রবার সকালে সাফি উল্লাহর বোন, ভগ্নিপতি ও প্রথম পক্ষের ছেলে তাকে দেখতে হাসপাতালে যান। চিকিৎসাধীন অবস্থার উন্নতি হওয়ায় সকাল ১০টার দিকে সাফি উল্লাহকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার দিন দুপুর সোয়া ১টার দিকে ঝিলিক তার ছোট বোন রেশমি আক্তারের সঙ্গে ভিডিও কলে কথা বলেন। এর প্রায় এক ঘণ্টা পর সাফি উল্লাহ ঝিলিকের বাবাকে ফোন করে জানান, ঝিলিক কেবিনের পেছনের খোলা বারান্দার জানালা দিয়ে পড়ে মারা গেছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। মামলার তদন্তের স্বার্থে আদালতের অনুমতি নিয়ে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হবে।

শেয়ার করুন

অষ্টম তলা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যুর ঘটনায় স্বামী মহব্বত এক দিনের রিমান্ডে | সীমান্তের খবর