ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৪ জুন, ২০২৬
সারাদেশ

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে গুলি, দুই মুসল্লি আহত

প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক:

১৪ জুন, ২০২৬
খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে গুলি, দুই মুসল্লি আহত

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে গুলি, দুই মুসল্লি আহত

খুলনা মহানগরীর দৌলতপুর থানার পশ্চিম কাশিপুর এলাকায় একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি আহত হয়েছেন। রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লোকমান হাকিম (৪৫) এবং স্থানীয় বাসিন্দা আলম মণ্ডল (৫৫)।

স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজ আদায়ের সময় কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি মসজিদে প্রবেশ করে লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পাশে থাকা আলম মণ্ডলও গুলিবিদ্ধ হন। গুলিতে লোকমান হাকিমের মাথায় গুরুতর আঘাত লাগে। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

অন্যদিকে আলম মণ্ডলের মাথা, গলার বাম পাশ এবং ডান হাতের বাহুতে গুলি লাগে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।

আহত লোকমান হাকিম পশ্চিম কাশিপুর এলাকার মৃত জব্বার শেখের ছেলে এবং আলম মণ্ডল একই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

ঘটনার বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে।

শেয়ার করুন