বেনাপোল সীমান্তে চোরাচালানি মদ ও পণ্যসহ আটক ১
প্রতিনিধি
কামাল হোসেন:

বেনাপোল সীমান্তে ভারতীয় মদ ও পণ্যসহ অংশু বিশ্বাস (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় মদ ও পণ্যসহ অংশু বিশ্বাস (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৬ জুন) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন বেনাপোল আইসিপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক অংশু বিশ্বাস যশোর জেলার বাঘারপাড়া উপজেলার লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মৃত শুশীল বিশ্বাসের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, বেনাপোল আইসিপি ও পাঁচপীরতলা বিওপির সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে আটকসহ ৫২ বোতল বিদেশি মদ, ২৬টি শাড়ি, ৫টি কম্বল, ১টি মোবাইল ফোন, ১ কেজি জিরা, ২৩ কেজি ফুসকা, ৪টি রেইনকোট, ১২টি খাদ্যসামগ্রী, ৬৪৮টি চকলেট এবং ১৭১টি কসমেটিকস পণ্য জব্দ করেছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৭৯ হাজার ২৬০ টাকা।
আটক ব্যক্তি ও জব্দকৃত মাদকসহ বিভিন্ন ধরণের পণ্যসামগ্রী উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
তিনি জানান, আটককৃত ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
