ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৭ জুন, ২০২৬
সারাদেশ

বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ নারী

প্রতিনিধি

কামাল হোসেন:

১৭ জুন, ২০২৬
বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ নারী

ভারতে পাচার হয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশের মাটিতে ফিরে এসেছেন ৬ বাংলাদেশি নারী।

ভারতে পাচার হয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশের মাটিতে ফিরে এসেছেন ৬ বাংলাদেশি নারী। বুধবার (১৭ জুন ২০২৬) বেলা ১২টার সময় ভারতের হরিদাসপুর ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করে।

এ হস্তান্তর প্রক্রিয়ার সময় ভারত- বাংলাদেশের বেনাপোল ও হরিদাসপুর সীমান্তরক্ষী বাহিনী বিজিবি, বিএসএফ, ইমিগ্রেশন পুলিশ এবং বেসরকারি মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভারত সরকারের ব্যুরো অফ ইমিগ্রেশনের পক্ষ থেকে জানানো হয়, হায়দ্রাবাদের এফআরআরও অফিস থেকে গত ২৯ মে ও ১২ জুনের দেওয়া 'লিভ ইন্ডিয়া নোটিশ' এবং 'এক্সিট পারমিট' প্রক্রিয়ার অংশ হিসেবে এই বাংলাদেশিদের স্বদেশে প্রত্যাবাসন করা হয়েছে।

স্বদেশে ফিরে আসা নারীরা হলো- চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার উপাধী মিয়াজী বাড়ি (বোয়ালিয়া বাজার) গ্রামের জাহাঙ্গীরের মেয়ে নুসরাত মণ্ডল ওরফে তাহমিনা আক্তার, যশোর জেলার শার্শা থানার পাঁচভুলাট (গোগা) গ্রামের হেরমত আলীর মেয়ে ফাতেমা জিন্নাত, ঢাকা জেলার দারুসসালাম (মিরপুর) থানার সাই আলী মাজার এলাকার সয়াম শেখের মেয়ে ইতি শেখ ওরফে মিম আক্তার শান্তি, শরীয়তপুর জেলার পালং মডেল থানার পশ্চিম সারেঙ্গা (শৌলপাড়া, ওয়ার্ড নং-৭) গ্রামের মৃত আব্দুল মজিদ খা এর মেয়ে সাদিয়া আক্তার, টাঙ্গাইল জেলার মধুপুর থানার মধুপুর পশ্চিম গ্রামের রফিকুল ইসলামের মেয়ে মোছাঃ রিফা খাতুন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার দক্ষিণ কুণ্ডা (কুণ্ডা, ওয়ার্ড নং-৩) গ্রামের সামসু মিয়ার মেয়ে আরোহী মণ্ডল ওরফে শ্রুফা আক্তার।

ইমিগ্রেশন পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তাদের বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। এরা বিভিন্ন সময়ে দালালের প্ররোচনায় পড়ে ভারতে পাচার হয়েছিল। পরে সেখানকার পুলিশের হাতে আটক হলে হায়দ্রাবাদ জেলখানায় ৩ বছর সাজাভোগ শেষে আদালত হতে বিভিন্ন সেল্টার হোমে প্রেরণ করা হয়। পরে দু'দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চালাচালির একপর্যায়ে তাদের স্বদেশে ফেরত পাঠানোর বিশেষ ট্রাভেল পারমিট প্রক্রিয়া সম্পন্ন হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোর্তজা জানান, ভারত সরকারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তাদের গ্রহণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া ও ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা নারীদের আইনি সহায়তা ও পরবর্তী পুনর্বাসনের জন্য বেনাপোল পোর্ট থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, ইমিগ্রেশন ও পোর্ট থানা পুলিশের আইনি প্রক্রিয়া শেষে ফেরত আসা নারীদের আইনি সহায়তা ও পরবর্তী পুনর্বাসনের জন্য মানবাধিকার সংস্থা 'জাস্টিস অ্যান্ড কেয়ার'-এর জিম্মায় হস্তান্তর করা হয়েছে, যারা তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

মানবাধিকার সংস্থা 'জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম জানান, ফেরত আসাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপাতত তাদের জিম্মায় যশোর হোমে রাখা হবে।

শেয়ার করুন

বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ নারী | সীমান্তের খবর