ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ

যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ৪০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

২৬ জুলাই, ২০২৬
যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ৪০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ৪০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৪১ লাখ টাকার স্বর্ণের বারসহ সুমন মন্ডল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ৬৮০ গ্রাম ওজনের চারটি পূর্ণাঙ্গ ও একটি অর্ধেক স্বর্ণের বার উদ্ধার করা হয়।

রবিবার (২৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত সুমন মন্ডল নারায়ণগঞ্জ সদর উপজেলার ইসলামিয়া বাজার পাগলা এলাকার প্রাণনাথ মন্ডলের ছেলে।

বিজিবি জানায়, আটক ব্যক্তির শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় চারটি পূর্ণাঙ্গ ও একটি অর্ধেক স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া একটি মোবাইল ফোন, একটি হাতঘড়ি এবং নগদ ৭ হাজার ৮৭৫ টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি ঢাকা থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ৪০ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা। জব্দ করা মোবাইল ফোন, হাতঘড়ি ও নগদ অর্থসহ মোট জব্দকৃত আলামতের মূল্য ১ কোটি ৪১ লাখ ৩৩ হাজার ১৭৫ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন