ঢাকা, বাংলাদেশ || বুধবার, ৫ আগস্ট, ২০২৬
সারাদেশ

যশোর-বেনাপোল মহাসড়কে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

৫ আগস্ট, ২০২৬
যশোর-বেনাপোল মহাসড়কে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

যশোর-বেনাপোল মহাসড়কে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় সোয়া কোটি টাকা মূল্যের ৫২৯.৬৪ গ্রাম ওজনের পাঁচটি (চারটি সম্পূর্ণ ও একটি অর্ধেক) স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৫ আগস্ট) রাত আড়াইটার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

আটক ব্যক্তি হলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে ফারুক (৩০)।

বিজিবি জানায়, আটক ফারুকের শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৫২৯.৬৪ গ্রাম ওজনের পাঁচটি (চারটি সম্পূর্ণ ও একটি অর্ধেক) স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ এক হাজার ৬৫৫ টাকাও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক জানান, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো বহন করছিলেন।

বিজিবির তথ্যমতে, উদ্ধার করা স্বর্ণের বারের মূল্য এক কোটি ১০ লাখ ৪৭ হাজার ২৩১ টাকা। এছাড়া জব্দ দুটি মোবাইল ফোনের মূল্য ৩৫ হাজার টাকা এবং নগদ এক হাজার ৬৫৫ টাকাসহ মোট জব্দকৃত মালামালের মূল্য দাঁড়িয়েছে এক কোটি ১০ লাখ ৮৩ হাজার ৮৮৬ টাকা।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, “সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এসব পাচার রোধে বিজিবি নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করে স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে যশোর কোতয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

শেয়ার করুন

যশোর-বেনাপোল মহাসড়কে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১ | সীমান্তের খবর