ঝিকরগাছায় এক রাতেই খামারির স্বপ্ন শেষ, বেওয়ারিশ কুকুরের হামলায় ৫০০ মুরগি নিধন
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

ঝিকরগাছায় এক রাতেই খামারির স্বপ্ন শেষ, বেওয়ারিশ কুকুরের হামলায় ৫০০ মুরগি নিধন
এক রাতেই শেষ হয়ে গেল ক্ষুদ্র খামারি আজিজুর রহমান লাল্টুর ঘুরে দাঁড়ানোর স্বপ্ন।
যশোরের ঝিকরগাছায় বেওয়ারিশ কুকুরের দল তার পোল্ট্রি খামারে ঢুকে প্রায় ৫০০ মুরগি মেরে ফেলেছে। এতে তার আনুমানিক দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষুদ্র ঋণ ও নিজের সঞ্চয়ের টাকা দিয়ে গড়ে তোলা খামারটি এক রাতেই ধ্বংস হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বাবুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত খামারি আজিজুর রহমান লাল্টু যশোর জেলার ঝিকরগাছা থানার গদখালী ইউনিয়নের বাবুপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে।
খামারি আজিজুর রহমান লাল্টু জানান, রাতের কোনো একসময় একদল বেওয়ারিশ কুকুর তার খামারের নেট কেটে ভেতরে প্রবেশ করে। এরপর কুকুরগুলো খামারে থাকা মুরগিগুলোর ওপর হামলে পড়ে। সকালে খামারে গিয়ে তিনি দেখতে পান, প্রায় সব মুরগিই মৃত অবস্থায় পড়ে আছে।
তিনি বলেন, অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার অপরাধে জেল খেটে দেশে ফেরার পর নতুন করে জীবন শুরু করার চেষ্টা করছিলেন। প্রায় ছয় মাস ধরে ছোট পরিসরে মুরগির খামার গড়ে তুলেছিলেন। ক্ষুদ্র ঋণ ও নিজের সঞ্চয়ের টাকা বিনিয়োগ করে ধীরে ধীরে খামারটি দাঁড় করাচ্ছিলেন। কিন্তু কুকুরের হামলায় এক রাতেই তার সব শেষ হয়ে গেছে।
কান্নাজড়িত কণ্ঠে আজিজুর রহমান লাল্টু বলেন, ‘ক্ষুদ্র ঋণ ও নিজের সঞ্চয়ের টাকা দিয়ে খামারটি গড়ে তুলেছিলাম। কয়েক মাস ধরে পরিশ্রম করেছি। এক রাতেই সব শেষ হয়ে গেল। আমার সব শেষ হয়ে গেছে। এখন কীভাবে আবার ঘুরে দাঁড়াব, জানি না।’
স্থানীয়রা জানান, বাবুপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়েছে। দলবেঁধে এসব কুকুর এলাকায় ঘোরাফেরা করায় গৃহপালিত পশু-পাখির পাশাপাশি পথচারী ও শিশুরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাতের বেলায় কুকুরের দল বিভিন্ন বাড়ি ও খামারের আশপাশে ঘোরাফেরা করে বলেও অভিযোগ তাদের।
এ ঘটনায় ক্ষুদ্র খামারির বড় ধরনের আর্থিক ক্ষতির পাশাপাশি এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, সময়মতো ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এ ধরনের ঘটনায় আরও খামারি ও গৃহস্থ ক্ষতিগ্রস্ত হতে পারেন।
