ঢাকা, বাংলাদেশ || রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ

প্রেসক্লাব যশোরের নির্বাচনে সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

১৯ সেপ্টেম্বর, ২০২৬
প্রেসক্লাব যশোরের নির্বাচনে সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম

প্রেসক্লাব যশোরের নির্বাচনে সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম

প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জাহিদ হাসান টুকুন এবং সাধারণ সম্পাদক পদে নূর ইসলাম নির্বাচিত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে বিরতিহীন ভোট গ্রহণ শেষে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে নতুন ৩৬ জনসহ মোট ভোটার ছিলেন ১২১ জন। সভাপতি পদে জাহিদ হাসান টুকুন ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক প্রভাত ফেরীর সম্পাদক ফকির শওকত পেয়েছেন ৪৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় মানবজমিনের স্টাফ রিপোর্টার নূর ইসলাম ৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী দৈনিক প্রজন্ম একাত্তরের সম্পাদক ওহাবুজ্জামান ঝন্টু পেয়েছেন ৪১ ভোট এবং সময় টিভির জুয়েল মৃধা পেয়েছেন ২৯ ভোট।

ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে গ্রামের কাগজের দেওয়ান মোর্শেদ আলম ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তার প্রতিদ্বন্দ্বী নিউ এজের সাইফুর রহমান সাইফ পেয়েছেন ৫২ ভোট।

কার্যনির্বাহী সদস্যের ছয়টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আটজন প্রার্থী। এ পদে সর্বোচ্চ ৯৬ ভোট পেয়ে প্রথম হয়েছেন শহিদ জয়। নির্বাচিত অন্যরা হলেন রফিকুল ইসলাম ৯২, গালিব হাসান পিল্টু ৮১, মুর্শিদুল আজিম হিরু ৭৯, এস এম সোহেল ৬২ ও তৌহিদ জামান ৫৯ ভোট।

কার্যনির্বাহী সদস্য পদে অপর দুই প্রার্থী সফিকুল আলম (সফিক সাঈদ) পেয়েছেন ৫৪ ভোট এবং আব্দুল ওয়াহাব মুকুল পেয়েছেন ৪৮ ভোট।

এদিকে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ছয়জন। সহসভাপতি পদে দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু ও দৈনিক সুবর্ণভূমির প্রধান বার্তা সম্পাদক সরোয়ার হোসেন নির্বাচিত হন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার কাজী আশরাফুল আজাদ ও দৈনিক কালের কণ্ঠের ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ পদে দৈনিক নতুন সকালের বার্তার সহকারী সম্পাদক জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক পদে গাজী টিভির যশোর প্রতিনিধি তহীদ মনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি ভোট গ্রহণ ও নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। কমিটির অপর দুই সদস্য ছিলেন অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল এবং জেলা সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম।

নির্বাচনকে ঘিরে প্রেসক্লাব যশোর প্রাঙ্গণে দিনভর সাংবাদিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণার পর নির্বাচিত প্রার্থীদের সমর্থক ও সহকর্মীরা তাদের অভিনন্দন জানান।

শেয়ার করুন

প্রেসক্লাব যশোরের নির্বাচনে সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম | সীমান্তের খবর