শার্শায় আওয়ামী লীগের দুই নেতা-কর্মী গ্রেপ্তার
প্রতিনিধি
কামাল হোসেন:

যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে।
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) পৃথক অভিযানে উপজেলার বাগাডাঙ্গা ও গোপীনাথপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, শার্শা থানার বাগাডাঙ্গা গ্রামের মৃত দাউদ আলী মন্ডলের ছেলে আমিনুর রহমান (৪১) এবং গোপীনাথপুর (৬ নম্বর ওয়ার্ড) গ্রামের আব্দুল জলিল সরকারের ছেলে মহিন ইসলাম (৩৮)।
পুলিশের দাবি, আমিনুর রহমান শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং মহিন ইসলাম ডিহি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য।
পুলিশ জানায়, শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-৩০২, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬-এর মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫(ডি) ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।
শার্শা থানা পুলিশের এসআই আশীষ সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বাগাডাঙ্গা গ্রামে আমিনুর রহমানের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। পরে রাত ১১টা ৪০ মিনিটের দিকে গোপীনাথপুর গ্রামে মহিন ইসলামের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, গ্রেপ্তার দুই আসামিকে বৃহস্পতিবার (৮ অক্টোবর) যথাযথ পুলিশ প্রহরায় যশোর আদালতে পাঠানো হয়েছে। শার্শা থানা এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
